20190401

নির্বাচনের পরে রাজ্য-রাজনীতিতে সৃষ্টি হবে নতুন পরিস্থিতি: সূর্য মিশ্র


সারা দেশের সঙ্গে এরাজ্যের মানুষও সপ্তদশ লোকসভা নির্বাচনের মুখোমুখি। এই নির্বাচনে পশ্চিমবঙ্গের মানুষের কাছে কোন আবেদন নিয়ে যাচ্ছেন বামপন্থীরা? কেন্দ্র ও রাজ্যের শাসকদলের মধ্যে মেরুকরণের চেষ্টা, উগ্র জাতীয়তাবাদ ও সাম্প্রদায়িক প্রচার, নির্বাচনকে প্রহসনে পরিণত করার চেষ্টা, এসবের মোকাবিলা করে বামপন্থীরা কী তাদের বিকল্পের সংগ্রামকে শক্তিশালী করতে পারবে এই নির্বাচনের মধ্য দিয়ে? গণশক্তিকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে বিস্তারিতভাবে মতামত জানিয়েছেন সিপিআই(এম)’র রাজ্য সম্পাদক সূর্য মিশ্র। নির্বাচনের পরে এরাজ্যের রাজনীতিতে নতুন পরিস্থিতির সৃষ্টি হবে বলে দৃঢ় আশা প্রকাশ করেছেন তিনি। সাক্ষাৎকারটি নিয়েছেন প্রসূন ভট্টাচার্য: 
-----------------------


প্রশ্ন: এবারের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের মানুষের কাছে বামপন্থীরা কী আবেদন জানাবে? এই নির্বাচনে এরাজ্যের মানুষ কেন বামপন্থীদের সমর্থন করবেন?

মিশ্র: এই নির্বাচনে দেশের ও রাজ্যের মানুষের সামনের প্রধান বিষয়গুলির থেকে মানুষের নজর সরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। সবচেয়ে বড় সমস্যা হলো আমাদের কর্মসংস্থানের সমস্যা। ৪৫ বছরের মধ্যে এমন খারাপ অবস্থা হয়নি। কাজ ছিলো  যাদের তাদেরও কাজ চলে যাচ্ছে। মোদী বলেছিলেন, প্রতি বছরে দুকোটি বেকারকে কাজ দেবেন। এখানে মুখ্যমন্ত্রী বলেছেন, বেকারী শতকরা চল্লিশ ভাগ বেকারী কমে গেছে রাজ্যে। যে যা খুশি বলছেন। কিন্তু জাতীয় নমুনা সমীক্ষার সর্বশেষ তথ্য যা সরকার চেপে রাখার চেষ্টা করেছে, তাতে দেখা যাচ্ছে ৫বছরে ৫কোটি মানুষ কাজ হারিয়েছেন। ১কোটি ৮০লক্ষ মানুষ শিল্প ও পরিষেবার থেকে কাজ হারিয়েছেন মূলত নোটবন্দী ও জিএসটি’র কারণে এবং ধারাবাহিক শিল্পমন্দার কারণে। তার সঙ্গে প্রায় ৩কোটি ২০লক্ষ মানুষ যারা কৃষিকাজে স্থায়ীভাবে না হলেও যুক্ত ছিলেন তাঁরা কাজ হারিয়েছেন। শিল্প কৃষি দুটোতেই নজিরবিহীন সঙ্কট। ছোট ও মাঝারি কারখানা বন্ধ হচ্ছে, লাভজনক রাষ্ট্রায়ত্ত্ব কারখানার বেসরকারীকরণ করে দেওয়া হচ্ছে। কেন্দ্র ও রাজ্য সরকার উভয়েই শূন্যপদে নিয়োগ বন্ধ করে রেখেছে। এরাজ্যের মুখ্যমন্ত্রী আবার শিক্ষায় ইন্টার্ন নিয়োগের কথা বলেছেন যেগুলো আদৌ স্থায়ী কর্মসংস্থান নয়। কেন্দ্রীয় সরকারও রেল এবং অনেক ক্ষেত্রে এই কাজই করছে। কৃষিতে স্বাধীনতার পরে এমন সঙ্কট আসেনি। ফসলের দাম না পাওয়ায় চাষের খরচও উঠছে না, কৃষকরা আত্মহত্যা করছেন। স্বামীনাথন কমিশনের সুপারিশ অনুসারে ফসলের দাম দেওয়ার ব্যবস্থা সরকার করেনি। প্রধানমন্ত্রী বলেছিলেন, কৃষকদের আয় দ্বিগুন করবেন। আর মুখ্যমন্ত্রী বলেছেন, কৃষকদের আয় তিনগুন হয়ে গেছে। দুটোই হাস্যকর দাবি। কৃষকরা দুরবস্থার মধ্যে আছেন। ফসলবীমার নামে ৫টা কর্পোরেট সংস্থা ৭হাজার কোটি টাকা লুট করেছে। অন্যদিকে এরাজ্যে অকাল বৃষ্টিতে আলুর ক্ষতি হয়েছে, আলু নিয়ে কৃষকরা বিক্ষোভ দেখাচ্ছেন। কেজি প্রতি ৭টাকার কম দাম হলে কৃষকদের লাভ হয় না, অথচ আলুচাষীরা ২-৩টাকা দাম পাচ্ছেন। সরকার সমস্যাটা স্বীকারই করতে চাইছে না। তেলেঙ্গানা সরকার রায়তবন্ধু নামে, কেন্দ্রীয় সরকার কৃষকসম্মান নামে আর এরাজ্যের সরকার কৃষকবন্ধু নামে প্রকল্প যা করেছে তাতে ফসলের দাম, বীমা, ঋণ এসবের সমাধান না করে কৃষকদের হাতে থোক টাকা দেওয়ার ব্যবস্থা করেছে। এতে সমস্যা মিটবে না। তাছাড়াও সরকারের জনবিরোধী নীতির জন্য মানুষের মধ্যে বিক্ষোভ বাড়ছে। শিক্ষা স্বাস্থ্যে সরকারের বেসরকারীকরণের জন্য মানুষের খরচ বাড়ছে, বোঝা বাড়ছে। আমেরিকার রাষ্ট্রপতির ফোন পেয়ে আমাদের প্রধানমন্ত্রী সেদেশের মোটরসাইকেলের ওপর শুল্ক তুলে নিচ্ছেন। আর আমেরিকা এখানকার ইস্পাত, অ্যালুমিনিয়ামে শুল্ক চাপাচ্ছে। দেশের শিল্প পরিষেবা রক্ষায় সরকারের নজর নেই। এই সব জনবিরোধী নীতির বিরুদ্ধে বামপন্থীরা।

এরসঙ্গে যুক্ত হয়েছে দুর্নীতি। কেন্দ্র ও রাজ্য দুই জায়গাতেই দুর্নীতি। ওখানে রাফালে দুর্নীতি, এখানে সারদা নারদ দুর্নীতি। ওখানে ওরা থাকলে যে এখানে এরা নিরাপদ তা এখন প্রমাণিত হয়ে গেছে। সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও পাঁচ বছর হয়ে গেলো কেন্দ্রীয় সরকারের সিবিআই, ইডি কেউ সারদার নারদার আসামীদের বিরুদ্ধে কিচ্ছু করেনি, তারা ঘুরে বেড়াচ্ছে।

আমরা স্পষ্টভাবে মানুষের কাছে বলছি, এই সব বিষয়ে বামপন্থীদের বিকল্প রয়েছে। আমরা যে দাবি নিয়ে ৪৮ ঘন্টার ধর্মঘট করেছি, ব্রিগেডে সমাবেশ করেছি, মহারাষ্ট্র, রাজস্থান এবং দিল্লির বুকে শ্রমিক, কৃষক, আশা অঙ্গনওয়াড়ি কর্মীদের নিয়ে বিক্ষোভ আন্দোলন করেছি, ইশতেহার প্রকাশ করে উল্লেখ করেছি, সেইসবই আমাদের বিকল্প। অর্থনৈতিক বৈষম্যের পাশাপাশি সামাজিক বৈষম্যও বাড়ছে। আদিবাসীদের এবং তফসিলি জাতির মানুষের উন্নয়ন কর্মসূচী কেন্দ্রীয় সরকার ছাঁটাই করছে, নারী ও শিশুকল্যাণে বরাদ্দ ছাঁটাই করেছে, দলিত সংখ্যালঘুদের অধিকার ও নিরাপত্তা বিঘ্নিত করছে, আর এরাজ্যে মহিলাদের নিরপত্তার হাল তো সবাই জানেন। সংখ্যালঘু দলিতদের ওপরে আক্রমণের ঘটনা বারবার দেখা যাচ্ছে সারা দেশে। আমাদের বার্তা হলো এই যে এসবের বিরুদ্ধে বামপন্থীরা বিকল্পের দাবিতে যে লড়াই আন্দোলন করছে তার কন্ঠস্বর সংসদে পৌঁছে দিতে হবে। সেটা যে করা যায় ২০০৪ সাল তার একটা দৃষ্টান্ত। সেই সময়ে সংসদে বামপন্থীরা যখন শক্তিশালী ছিলো তখন কাজের অধিকার, আদিবাসীদের অরণ্যের অধিকার, বীমা ব্যাঙ্ক বেসরকারীকরণ রোধ, খাদ্য ও শিক্ষার অধিকারের নিশ্চয়তা এসব করা গেছিলো। এখনকার পরিস্থিতি ২০০৪ সালের থেকেও কঠিন, আক্রমণ আরও তীব্র, কিন্তু এখনও বামপন্থাই বিকল্প। আমরা মানুষের কাছে বামপন্থীদের বিকল্পের লড়াইয়ের কন্ঠস্বর সংসদে পৌঁছে দেওয়ার জন্যই আবেদন করবো।

প্রশ্ন: জনজীবনের সমস্যার সমাধানের জন্য যে বিষয়গুলিকে আপনারা বামপন্থীদের বিকল্প হিসাবে তুলে ধরছেন, সেই বিকল্পের জন্য বামপন্থীরা এরাজ্যে আন্দোলন সংগ্রাম কতটা করতে পেরেছে? তার কোনো প্রভাব নির্বাচনে পড়বে কি?

মিশ্র: এরাজ্যে এবং সারা দেশে এই সময়কালে যদি কেউ লড়াইয়ের ময়দানে থেকে থাকে তাহলে তা বামপন্থীরাই। আমরা নিরন্তর আন্দোলনেই আছি। গত আগস্ট মাসে সারা দেশের সঙ্গে এরাজ্যের জেলাগুলিতেও আইন অমান্য আন্দোলন হয়েছে। শত শত মানুষ আক্রান্ত হয়েছেন, বামপন্থী কর্মীদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দেওয়া হয়েছে। জনজীবনের দাবি নিয়ে বামপন্থী গণসংগঠনগুলি, তাদের সংগঠন বেঙ্গল প্ল্যাটফর্ম অব মাস অর্গানাইজেশন একাধিক পদযাত্রা করেছে। তারপরে ৪৮ ঘন্টার সাধারণ ধর্মঘট হয়েছে। অন্যান্য রাজ্যের সরকারগুলি যা করেনি এরাজ্যের তৃণমূল সরকার সেই আক্রমণ করেছে ধর্মঘট ভাঙতে। আইনী এবং বেআইনী পদক্ষেপ নিয়ে ধর্মঘট ভাঙতে চেষ্টা করেছে, আক্রমণের রেকর্ড তৈরি করেছে। কিন্তু মানুষের বার্তা স্পষ্ট ছিলো, ঐতিহাসিক ধর্মঘট হয়েছে। তারপরে সেই বার্তা নিয়ে ব্রিগেড সমাবেশ হয়েছে বামফ্রন্টের। ব্রিগেডের সমাবেশ প্রমাণ করেছে, বামপন্থীরাই শ্রমজীবী মানুষকে সংগঠিত করছে। নির্বাচনে নিশ্চয়ই এর প্রতিফলন ঘটবে।

প্রশ্ন: এটা কেন্দ্রের সরকার গঠনের নির্বাচন। কিন্তু এরাজ্যের রাজনীতিতে এর তাৎপর্য্য কী? বিশেষ করে বামপন্থীরা যখন কেন্দ্র ও রাজ্যের দুই শাসকদলেরই বিরোধিতার কথা বলছে, তখন এই নির্বাচন কি রাজ্য রাজনীতিতে নতুন কোনো পরিস্থিতি নিয়ে আসতে পারে?

মিশ্র: আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি ২মাসের মধ্যে কেন্দ্রের বিজেপি সরকার হঠে যাবে, মোদী আর গদিতে থাকবেন না। কেন্দ্রে একটা বিকল্প ধর্মনিরপেক্ষ সরকার তৈরি হবে এবং বামপন্থীদের শক্তি সংসদে বাড়বে। এরমধ্য দিয়ে সারা দেশে মানুষের দাবির লড়াই আরও প্রসারিত হবে। এরাজ্যেও নির্বাচনের পরে তার প্রভাব পড়বে, তৃণমূল কংগ্রেস আরও দু’বছর সরকার চালাতে পারবে কিনা সন্দেহ আছে। কারণ তৃণমূল দলটাই ভেঙে যাচ্ছে। ওপর থেকে নিচ পর্যন্ত দল ভেঙে বিজেপি’তে যোগ দিচ্ছে। আরও অনেকে ভেতরে ভেতরে যোগাযোগ রাখছে চলে যাবে বলে। কারণ যারা লুটপাটের মাধ্যমে লাভবান হয়েছেন তাঁরা আধিপত্য রাখার জন্য আনুগত্য বদলাতে চাইবে। এই অবস্থায় বর্ধিত শক্তি নিয়ে বামপন্থীদের লড়াই হবে বিজেপি যাতে মাথা তুলতে না পারে এরাজ্যে, তার জন্য নতুন পর্বের সংগ্রামের সূচনা হবে।

প্রশ্ন: কেন্দ্রের শাসকদল বিজেপি এবং এরাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস পরস্পরের বিরুদ্ধে রাজনৈতিক প্রচার করছে। এই মেরুকরণের মোকাবিলা করে কীভাবে বামফ্রন্ট নির্বাচনে লড়াই করবে?

মিশ্র: বিজেপি বলছে গণতন্ত্র আক্রান্ত। ঠিকই তো। কিন্তু গণতন্ত্র তো ২০১১ সাল থেকেই আক্রান্ত। আমরা তখন থেকেই বলছি, বিজেপি তখন কী করছিলো? বিজেপি সরকারের তো পাঁচবছর হয়ে গেলো, অথচ সুপ্রিম কোর্টের নির্দিষ্ট আদেশ থাকা সত্ত্বেও চিটফান্ডে বৃহত্তর ষড়যন্ত্রে ব্যবস্থা নেওয়া হলো না কেন? কেন প্রতারকদের সম্পত্তি বাজেয়াপ্ত করে প্রতারিতদের টাকা ফেরৎ দেওয়া হলো না? নারদ টেপ তো ফরেনসিকে প্রমাণিত, ওটা জাল নয়। সংসদে এথিক্স কমিটির চেয়ারম্যান ছিলেন আদবানি। কেন একদিনও সেই কমিটি বসতে পারলো না এটা নিয়ে? এটা বোঝাপড়া নয় তো বোঝাপড়া কাকে বলে! আর গণতন্ত্র নিয়ে বিজেপি কী বলবে, এখানে পঞ্চায়েত নির্বাচনে আমরা ৩৪শতাংশ বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয় দেখেছি, ত্রিপুরায় বিজেপি সেই রেকর্ড ভেঙে দিয়েছে প্রায় ৯৯শতাংশ বিনাপ্রতিদ্বন্দ্বিতায় করে। রামনবমীতেও সাম্প্রদায়িক মেরুকরণে দুটো দলকেই দেখো গেছে। নীতি, দুর্নীতি, সাম্প্রদায়িকতা, যে কোনো প্রশ্নে তৃণমূল এবং বিজেপি একে অপরের পরিপূরক, কোনো ফারাক নেই। এই যে সর্বশেষ মুখ্যমন্ত্রীর ভাইপো’র স্ত্রীকে নিয়ে বিমানবন্দরের ঘটনাটা ঘটলো। উনি নাকি ২কেজি সোনা নিয়ে এসেছিলেন। তা কাস্টমস সেটা আটক করলো না কেন? কাস্টমস্‌ কারা চালায়? নতুন ফেডারেল কাঠামোয় ওটাও রাজ্যের হাতে চলে এসেছে নাকি! কেন্দ্রীয় সরকারের কিছু করার নেই? কাজেই বিজেপি’র প্রতিবাদ করার কোনো নৈতিক অধিকার নেই। ত্রিপুরার মতো গোটা তৃণমূল দলটা যদি এখানেও বিজেপি’তে চলে যায় অবাক হওয়ার কিছুই নেই। তৃণমূলকে ভোট দেওয়া আর বিজেপি’কে ভোট দেওয়া একই ব্যপার। তাই আমরা নির্বাচনে দুটো দলের বিরোধী ভোটকে ঐক্যবদ্ধ করার আহবান জানিয়েছি।

প্রশ্ন: যেভাবে যুদ্ধোন্মাদনা এবং জাতীয়তাবাদের ভাবাবেগ জাগানো হচ্ছে তাতে জনসাধারণের রুটিরুজির সমস্যা কি নির্বাচনের মুখে এসে চাপা পড়ে যাচ্ছে? কাশ্মীরেরর ঘটনা, জওয়ানদের মৃত্যু এবং সীমান্তে সেনা কার্যকলাপ কি এরাজ্যেও ভোটদানের সময় জনসাধারণকে চালিত করবে?

মিশ্র: ২০১৮ সালের ডিসেম্বরে পাঁচ রাজ্যে, বিশেষত রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়ের মতো বিজেপি’র শক্ত ঘাঁটিতে তাদের পরাজয়ের পরেই আমরা সিপিআই(এম)’র পক্ষ থেকে বলেছিলাম বিজেপি অপরাজেয় নয় প্রমাণিত হলো। কিন্তু তখনই সতর্ক করেছিলাম এরা আরও তুরুপের তাস বের করবে। বাস্তবে তাই করেছে। রামমন্দির ইস্যুকে জাগিয়ে তোলার চেষ্টা করেছে। এনআরসি এবং নাগরিকত্ব বিল নিয়ে সংখ্যালঘুদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক করে দেওয়ার কথা বলে মেরুকরণের চেষ্টা করেছে। আর সেই সঙ্গে কাশ্মীর ও পাকিস্তান সীমান্তে উত্তেজনা তৈরি করে সারা দেশে তার ভিত্তিতে সাম্প্রদায়িক মেরুকরণের চেষ্টা করেছে। আমরা এই বিষয়গুলি নিয়ে ডিসেম্বর মাসেই সতর্ক করেছিলাম। কাশ্মীরে বিজেপি পিডিপি’র সঙ্গে সরকারে ছিলো, সেই সরকারকে ভেঙে দিলো। ওখানকার মানুষের আস্থা নষ্ট করছে, তাঁদের অধিকার খর্ব করছে। পুলওয়ামায় ঘটনার জন্য দায়ী তো সরকারের গাফিলতি। বিজেপি সরকারের আমলে দেশে নিরাপত্তা রক্ষীরা বেশি সংখ্যায় প্রাণ দিয়েছে, আর সীমান্ত পার থেকে অনুপ্রবেশও বেশি সংখ্যায় হয়েছে। এই সরকার দেশের নিরাপত্তা, সংবিধান, ঐক্য সবকিছু রক্ষাতেই সম্পূর্ণ ব্যর্থ। এখন সেগুলো থেকে নজর ঘোরাতে বায়ুসেনার কর্মী অভিনন্দনের ছবি দেখিয়ে ভোট চাইতে হচ্ছে! এতই দেউলিয়া অবস্থা বিজেপি’র। কিন্তু ওরা মানুষের প্রকৃত বিষয়গুলি থেকে নজর ঘোরাতে চাইলেও আমরা বামপন্থীরা প্রকৃত বিষয়গুলি নিয়েই প্রতিদিনের লড়াইতে আছি। এই যে ধর্মতলায় এসএসসি উত্তীর্ণ ছেলেমেয়েরা অনশনে বসে মুখ্যমন্ত্রীর তথাকথিত ‘অনশন’এর রেকর্ড ভেঙে দিলেন সেটা কী এইসব মেরুকরণ করে নজর ঘুরিয়ে আটকাতে পারলো? আলুচাষীদের বিক্ষোভকে আটকাতে পারলো? পারবে না। তবে আমরা মনে করি, স্বাধীনতার পরে সংসদীয় গণতন্ত্রের সামনে এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এর আগে দুবার এরকম চ্যালেঞ্জ এসেছিলো। ১৯৭৭ সালে এবং ২০০৪ সালে। দুবারই দেশের নির্বাচকমন্ডলী প্রমাণ করেছেন যে সংসদীয় গণতন্ত্রের ওপরে আক্রমণ মোকাবিলায় তাঁরা সক্ষম। 

প্রশ্ন: আমাদের শেষ প্রশ্ন। পশ্চিমবঙ্গে বিগত পঞ্চায়েত নির্বাচন সহ বিভিন্ন নির্বাচনে শাসকদলের সন্ত্রাস দেখা গেছে। মানুষের মনে প্রশ্ন দেখা দিয়েছে, এবার অবাধে ভোট দিতে পারবেন কিনা। লোকসভা নির্বাচনে কি এর জন্য আপনারা নির্বাচন কমিশনের ওপরেই ভরসা করছেন?

মিশ্র: আমরা বারবার বলছি, নির্বাচন কমিশনের ক্ষমতা, নিরপেক্ষতা, কার্যকারিতা এসব নিয়ে কোনো অতিরিক্ত মোহ রাখবেন না। তার মানে এই নয় যে কমিশনে অভিযোগ জানাবেন না। অভিযোগ জানাতে হবে, লিপিবদ্ধ রাখতে হবে। সুযোগের ব্যবহার করতে হবে। অভিযোগ করে কিছু তো আদায় করা সম্ভব হয়। যেমন গতবার তো পরিচিতি পত্র ছাড়াই বুথ শ্লিপ দিয়ে ভোট দিয়েছিলো। এবার কমিশন আমাদের দাবি মেনেছে। কাজেই মানুষকে সতর্ক থাকতে হবে, অধিকার রক্ষার লড়াইতে মানুষকে সংগঠিত করাটা নিশ্চয়ই গুরুত্বপূর্ণ। কিন্তু আমি বলতে চাইছি, যে এটা পঞ্চায়েত নির্বাচন নয়। ভারতের নির্বাচন কমিশনের পরিচালনায় যে সব নির্বাচন এই সময়ে হয়েছে সব অবাধ হয়েছে এমন মোহ আমি রাখতে বলছি না। কিন্তু আমি বলছি, বাস্তবতা হলো, তৃণমূল ভয় পেতে শুরু করেছে। পঞ্চায়েতে ৩৪শতাংশ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেও এমন শতাধিক পঞ্চায়েত আছে যেখানে তৃণমূল জিতেও কর্মকর্তা নির্বাচিত করতে পারছে না। তৃণমূলের হাতে তৃণমূলই আক্রান্ত। তৃণমূলের নেতাদেরই নিরাপত্তা নেই। এমনকি বিধায়কদেরও নেই। কেউ ছাড় পাচ্ছে না, নিজেদেরই হাতে আক্রান্ত হচ্ছে, বোমা ফাটছে, খুন হচ্ছে। তৃণমূলের এত দ্রুত ক্ষয় ২০১১ সালের পরে কখনো দেখা যায়নি। এই অবস্থায় প্রত্যেক বুথে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে, যেখানে মানুষ লাল পতাকা তুলে ধরবেন, বামপন্থী কর্মীরা বাড়ি বাড়ি যাবেন। মানুষ যদি ঘুরে দাঁড়ায় তাহলে ওরা পালাবে। এটাই বাস্তবতা। কাজেই আমি বলিষ্ঠ আশাবাদে বিশ্বাসী। মানুষ শপথবদ্ধ হচ্ছেন, মরিয়া হয়ে তাঁরা ভোটাধিকার প্রয়োগ করবেন এটাই সুষ্ঠু ভোটের সবচেয়ে বড় গ্যারান্টি হতে পারে। 

গণশক্তি, ১লা এপ্রিল, ২০১৯

20181215

After the culmination of a farmer's march in Kolkata, 100,000 farmers have gathered in the capital city of Delhi to protest against the agrarian crisis.

আত্মহত্যা থেকে প্রত্যক্ষ প্রতিবাদের পথে কৃষকরা: এক ঐতিহাসিক সূচনা

পি সাইনাথ 

over-a-lakh-protesting-farmers-take-out-kisan-mukti-march-in-delhi-500210



ঋণের বোঝা থেকে মুক্তি আর ফসলের ন্যূনতম সহায়ক মূল্যের দাবিতে ২৯ এবং ৩০ নভেম্বর দিল্লির রাজপথ কাঁপিয়েছেন কৃষকরা। হাফিংটন পোস্টে প্রকাশিত সাংবাদিক পবন দহতের নেওয়া একটি সাক্ষাৎাকারে এই আন্দোলনকে ঐতিহাসিক সূচনা বলে চিহ্নিত করেছেন বিশিষ্ট সাংবাদিক পি সাইনাথ। এখানে সাক্ষাৎকারটি সংক্ষিপ্তাকারে প্রকাশ করা হলো।
--------------------------------------------------------------

প্রশ্ন: ‘দিল্লি চলো’ মার্চ কীসের জন্যে?

অল ইন্ডিয়া কিষাণ সংঘর্ষ কোঅর্ডিনেশন কমিটি (এ.আই.কে.এস.সি.সি) প্রায় ১৫০ থেকে ২০০টা কৃষক সংগঠনের একটি সংঘ, তাদের কেউ কেউ খুব ছোটো, কেউ কেউ খুব বড়ো। তারা একটা ডাক দিয়েছে নভেম্বরের ২৯ আর ৩০ তারিখ সংসদ ভবন যাওয়ার। এই ভাবনাটা এসেছে নাসিক মুম্বাই মার্চের পরে, যেখানে এই বছরের শুরুতে ৪০ হাজার আদিবাসী কৃষক মুম্বাই এসেছিলেন আর তাদের সঙ্গে যোগ দিয়েছিলেন ১০ হাজার সাধারণ মানুষএকেবারে পদ্ধতিগত ভাবে কৃষকদের কোনও গুরুত্বপূর্ণ দাবিকেই সংসদ এতদিন নজর দেয়নি। স্বামীনাথন কমিশনের প্রথম রিপোর্ট জমা পড়েছিল ২০০৪ সালের ডিসেম্বরে। আর শেষ রিপোর্ট জমা পড়েছে ২০০৬ সালের অক্টোবরে। গত ১৪ বছর ধরে কৃষকদের জাতীয় কমিশন সংসদে স্রেফ পড়ে আছে, এত বছরে সংসদ এক ঘণ্টা সময়ও বার করতে পারেনি সে বিষয়ে আলোচনার জন্যে। কিন্তু যখন কর্পোরেট সেক্টর বা জিএসটি-র মতো বিষয় আসে, যেগুলো একেবারে দায়িত্ব নিয়ে হাজার হাজার ছোটো মাঝারি সংস্থাকে ধ্বংস করছে, তখন সংসদ এক সপ্তাহের মধ্যে বিশেষ অধিবেশন ডেকে মাঝরাতে সেই বিল পাস করতে পারে। কিন্তু ১৪ বছর ধরে তাঁরা সময় পায়নি কৃষকদের জাতীয় কমিশন নিয়ে আলোচনার জন্যে.আই.কে.এস.সি.সি প্রধানত দুটি দাবি নিয়ে জোর দিচ্ছে। একটি হল ন্যূনতম সহায়ক মূল্য আর অনুদানমূলক মূল্য বিষয়ে সংসদে একটা প্রাইভেট মেম্বর বিল আনা। আর দ্বিতীয়টি হল কৃষিঋণ থেকে মুক্তির বিল। কিন্তু কৃষি সংকট একটা বড়ো বিষয়, সেটা ঠিক দুয়েকটা বিলের বিষয় নয়।

আমি মনে করি, নাসিক-মুম্বাই মার্চ একটা টার্নিং পয়েন্ট যা গোটা দেশের কৃষক ও সাধারণ মানুষকে ঘুরে দাঁড়াতে উৎসাহ দিয়েছে। তারপর থেকে দেশের নানা জায়গায় অন্তত কুড়িটা কৃষক মার্চ হয়েছে। এটা একটা বিস্ময়কর ঘটনা যে কৃষকেরা তাদের বিগত বিশ বছরের হতোদ্যম অবস্থা থেকে জেগে উঠছেন এই হতোদ্যম অবস্থা তাদের আত্মহত্যার দিকে ঠেলে দিচ্ছিল, জেগে উঠে তাঁরা প্রত্যক্ষ প্রতিবাদের রাস্তায় হাঁটছেন যেটা তাঁদের অধিকার আদায়ের দিকে নিয়ে যাবে। আমি মনে করি, এটা একটা খুবই ভালো জিনিস ঘটছে। আমি প্রস্তাব দিয়েছি, তাদের একটা দাবি হওয়া উচিত যে, সংসদকে কেবলমাত্র কৃষি সংকট নিয়ে তিন সপ্তাহের একটা বিশেষ অধিবেশন ডাকতে হবে। যেখানে সমস্ত ক্ষমতা কেন্দ্রীয় সরকারের হাতে কেন্দ্রীভূত হয়েছে, সেখানে এই বিষয়ে সারা দেশের নজর পড়া উচিত। গোটা দেশের কৃষকদের এটা বলা দরকার যে, তাঁরা দেশের কাছে গুরুত্বপূর্ণ, দেশ তাদের ব্যাপারে ভাবুকযখন এ.আই.কে.এস.সি.সি আর বাকিরা কৃষক মার্চের দাবিকে সমর্থন করল তখন বিভিন্ন মধ্যবিত্ত পেশাজীবী এই বছরের অগাস্ট মাসে দিল্লিতে একসঙ্গে বসে। একটা ফোরাম তৈরি হয়েছে, নাম ‘নেশন ফর ফার্মার’।

শেষ কবে বলুন তো মধ্যবিত্ত মানুষেরা কৃষকদের সঙ্গে কথা বলেছেন? নাসিক-মুম্বাই মার্চের সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে এর মধ্যে দিয়ে সেটা আবার শুরু হয়েছে। কৃষক এবং মজুর গণপরিসরে সাধারণ মানুষের আলোচনার মধ্যে উঠে আসছে, মধ্যবিত্ত অঙ্গনওয়ারীর মানুষের সঙ্গে কথা বলছে, কৃষক আর খেতমজুরের সঙ্গে কথা বলছে। এটা গণতন্ত্রের পক্ষে ভালো, এটা সমতার, সাম্যের পক্ষে ভালো।

প্রশ্ন: সংসদে ২১ দিনের বিশেষ অধিবেশনের দাবির ক্ষেত্রে ভাবনাটা কী?

‘নেশন ফর ফার্মার’ এর ভাবনাটা এরকম যে, সংসদে কমপক্ষে তিন সপ্তাহের একটা বিশেষ অধিবেশন প্রয়োজন কারণ তাদের অনেকগুলো বিষয়ে নজর দিতে হবে। অন্তত তিন দিন লাগবে স্বামীনাথন কমিশনের রিপোর্টের অনুপুঙ্খ আলোচনার জন্য। কয়েক দিন লাগবে সহায়ক মূল্য আর কৃষিঋণ মুকুবের বিল দুটো পাস করতে, কারণ অনেকগুলি রাজনৈতিক দল এতে সই করেছে এই বলে যে এই বিষয়ে সমর্থন আছে ফলে তাঁরা এই দুটি বিল খুব সহজেই তাড়াতাড়ি পাস করাতে পারেন। তিন দিন ঋণ সংকট নিয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনার জন্যে, যেটা কেবল একটা কৃষিঋণ মুকুবের থেকে অনেক বড়ো বিষয়। আমি কৃষিঋণ মুকুবের পক্ষে, কিন্তু যতক্ষণ না আপনি ঋণ ব্যবস্থাকে নতুন করে পর্যালোচনা করছেন পরের বছরে আবার কৃষকেরা এসে একই সমস্যার মুখে পড়বেন কারণ কৃষি ঋণের সুযোগকে কৃষকের দিক থেকে কৃষি ব্যবসায়ীর দিকে ঘুরয়ে দেওয়া হয়েছেছোটো এবং প্রান্তিক কৃষকের কাছে ক্ষুদ্র ঋণের নামে দিনে দিনে আরও কম টাকা যাচ্ছে। তাই তিন দিন আলোচনা হোক ঋণ সংকট আটকাতেএর আরেকটা অর্থ সরকারি ব্যাঙ্কের বেসরকারিকরণ করা যাবে না। নয়তো এই মানুষগুলো কোনও ঋণ পাবেন না। উলটে এদের প্রাপ্য ঋণের টাকা আবার পাঠিয়ে দেওয়া হবে বড়ো কর্পোরেট কোম্পানির কাছে। তিন দিন আলোচনা হোক কৃষিতে যে ভয়ংকর জলসংকট চলছে তাই নিয়ে, এটা কিন্তু খরার থেকেও অনেক বড়ো সমস্যা। দুর্ভাগ্যজনক ভাবে এই দেশ এই বিষয়ে গুরুত্ব দিয়ে কিছু ভাবছেই না। দেশে জল সংকটের ক্ষেত্রে অনেকগুলো স্থানান্তর বা হাত বদল হয়ে গেছে, যেমন জল চলে গেছে গরিবের থেকে বড়োলোকের হাতে, কৃষির থেকে শিল্পের হাতে, খাদ্য শস্যের বদলে অর্থকরী ফসলের হাতে, গ্রাম থেকে শহরের হাতে, জীবিকা থেকে লাইফস্টাইলের হাতে। জল নিয়ে একটা আইন থাকা দরকার যে এটা পণ্য বা ব্যক্তিগত সম্পদ নয়, এটা মৌলিক মানবাধিকার। সমানাধিকার আর ন্যায়বিচারের আরও কিছু বিষয় আছে এখানে। গ্রামাঞ্চলে জলের অধিকার নিয়ে আলোচনা হওয়া উচিত, বিশেষত যাদের জমি নেই, যাঁরা কৃষক নন তাদেরও জলের অধিকার নিয়ে।

তিন দিন এই আলোচনায় সময় দেওয়া হোক মহিলা কৃষকদের নিয়ে, যেটা আমার মনে হয় আলোচনা না করলে কখনওই কৃষি সংকটের সমাধান হবে নাআলোচনা করতে হবে মহিলা কৃষকদের কৃষিরঅধিকার এবং স্বীকৃতি, মহিলা কৃষকদের জমির অধিকার নিয়ে, যারা কৃষিক্ষেত্রের ৬০ শতাংশের বেশি উৎপাদনের ক্ষেত্রে যুক্ত। যেমন দলিত কৃষকদের জমির অধিকার, যারা জমি প্রদানের ২০ বছর পরেও পাট্টা পাচ্ছেন না, রাষ্ট্র সেই জমি দখল করছে আদানি বা অন্য কারোর নামে। সেখানে গরিব আদিবাসী কৃষক জানেনই না পাট্টার ব্যবস্থা সম্পর্কে। তাই জমির অধিকারকে নিশ্চিত করতে হবে। তিন দিন ভুমি সংস্কারের যে কাজ পড়ে আছে সেই নিয়ে আলোচনা হোকতিন দিন আলোচনা হোক যে, ২০ বছর পরে দেশে কী ধরণের কৃষির প্রয়োজন তাই নিয়ে। কর্পোরেট চালিত, কেমিক্যাল কোম্পানি নির্ভর কৃষি নাকি জনগোষ্ঠী চালিত প্রাকৃতিক বাস্তুতন্ত্র নির্ভর চাষ? খুব গুরুত্ব দিয়ে আইনসম্মত ভাবে ভাবা দরকার যে বছরের পর বছর ধরে যে নাটকীয় ভাবে কৃষিক্ষেত্রে রাষ্ট্রায়ত্ত্ব ব্যয় বরাদ্দ কমছে সেই বিষয়ে। কৃষিক্ষেত্রে রাষ্ট্রীয় বিনিয়োগকে রক্ষা করতে হবে এবং বাড়াতে হবে। তিন দিন আলোচনা হোক কৃষি সংকটের আক্রান্তদের বিষয়ে, বিদর্ভের বিধবা, অনন্তপুরের অনাথেরা প্রথমবার ঐতিহাসিক পদক্ষেপে এগিয়ে আসুন পার্লামেন্টের সেন্ট্রাল হলে, তাঁরা সংসদ আর দেশবাসীদের জানান যে কৃষি সংকট আসলে কী আর সেটা তাদের জীবনে কী নিয়ে এসেছে। তবেই একটা সম্পূর্ণ ভিন্ন রকমের মনোভঙ্গী পাওয়া যাবে এদের সম্পর্কে। ‘নেশন ফর ফার্মার’ সংসদে একটা বিশেষ অধিবেশন চাইছে। আমাদের যা বলার তা হল, প্রত্যেকটি নাগরিক, সকলেই কৃষির সঙ্গে যুক্ত, কেবল খাবারের জন্যে নয় আমরা প্রত্যেকেই মাত্র দুতিনটি প্রজন্ম আগেই গ্রামে থাকতাম। এই পরিস্থিতিতে, মধ্যবিত্ত শ্রেণির সঙ্গে এই কৃষকদের প্রাথমিক শ্রেণির যোগাযোগটা নতুন করে স্থাপন করতে হবে।

প্রশ্ন: বেশ কিছু জটিল প্রশ্ন আছে। আমাদের সংসদে কৃষি সম্পর্কে গভীর বোঝাপড়া আছে এমন সাংসদ খুব কম। এমনকি এই বিষয়গুলো যদি তোলাও হয়, আপনার মনে হয় সেখানে কোনও সত্যিকারের আলোচনা হবে?

তাঁরা সত্যিকারের আলোচনা করবেন কি করবেন না সেটা কোনও প্রশ্নই নয়তাঁদের সত্যিকারের আলোচনা করতে বাধ্য করা নির্ভর করছে আমাদের ওপরদেখুন আমাদের একটা বিকল্প আছে, ধরা যাক বললাম, তাঁরা সংসদে এই নিয়ে সত্যিকারের আলোচনা করলেন নাএখন বিষয়টা হল, একজন নাগরিক হিসেবে আপনি কি চান যে সাধারণ মানুষের কাজ করানোয় সংসদকে বাধ্য করতে? নাকি আপনি চান সংসদ থাকুক কেবল কর্পোরেট দুনিয়ার জন্যে? যেখানে বসে কেবল জিও আর জিএসটি-র জন্যে কাজ হবে, কেবল ডিজিটাল কোম্পানি আর নোটবন্দীর কাজ হবে?

সংসদ ভালো হবে না খারাপ হবে সেটা আমাদের ওপর নির্ভর করবে, আমাদের সমাজের ওপর, আমাদের রাজনৈতিক আন্দোলনের ওপরআমার যেটা বলার তা হল, আমার কি এটা বলা কাজ যে ওরা আমার অধিকার রক্ষা করছে না, আমার অধিকার প্রয়োগ করতে দিচ্ছে না, তাই আমি আমার সব অধিকার ত্যাগ করলাম? এটা আমার কাছে একটা মুর্খের রাজনীতি বলে মনে হয়। আমি বলব যে সংসদ তৈরিই হয়েছে মানুষের কাজ করার জন্য ২৯ আর ৩০ তারিখে দিল্লি মার্চের একটা ভালো বিষয় হল, আমাদের সংবিধান যে মানুষের জন্য সেটা নতুন করে দাবি করা, আমাদের সংসদীয় গণতন্ত্র যে সাধারণ মানুষের সেটা নতুন করে দাবি করা। সংসদ মানুষের জন্যে কাজ করবে এর থেকে গণতান্ত্রিক দাবি আর কী হতে পারে?

প্রশ্ন: সারা দেশ জুড়ে কৃষকদের মধ্যে নানারকম আদর্শগত ভিন্নতা দেখা যাচ্ছে। আপনি কি মনে করেন যেভাবে আমাদের রাজনীতিক পরিবেশ প্রতিদিন আরও বেশি বেশি করে আঞ্চলিক হয়ে যাচ্ছে সেখানে তাঁরা এমন একটা বোঝাপড়ায় যেতে পারবে?

অবশ্যই একটা আদর্শগত ভিন্নতা আছে, নয়তো ২০০টা সংগঠন থাকত না, একটাই থাকত। সেটা আমাদের সমাজের প্রতিচ্ছবিও দেখায় – কেন ৩০ খানা রাজনৈতিক দল রয়েছে? এটা আমাদের সমাজের বিভেদ আর বর্ণ-সংকরতার প্রতিনিধিত্ব করে। তাই সেখানে আদিবাসী কৃষক আছে যাদের জন্যে ন্যূনতম সহায়ক মূল্য প্রধান ইস্যু নয়। তাদের ক্ষেত্রে একটা বিরাট পরিবর্তন হবে। আমি মনে করি না যে এই মার্চ সবকিছুর জন্যে একটা চরম উত্তর। আমি মনে করি এটা একটা শুরু, যেমন মুম্বাইতে হয়েছিল, তেমনই দিল্লিতে মধ্যবিত্ত কৃষকদের সঙ্গে কথা বলবে। আমি কেবল এই বিষয়ে আগ্রহী যে, আমরা এই মধ্যবিত্ত পেশাদার শ্রেণি, আমাদের নিজেদের প্রাসঙ্গিক করে রাখতে পারি এই লড়াইয়ের মধ্যে, এই দাবিগুলির মধ্যে যেগুলো সাধারণ মানুষের ন্যায়সঙ্গত দাবি। আপনি একজন সাংবাদিক কিন্তু আপনি একজন মানুষ তো, একজন নাগরিকও তো।

আমি তেমন ভয়ংকর কিছু পার্থক্য দেখছি না। আমরা এমন একটা দেশে থাকি যেখানে ৭৮০ টা ভাষায় কথা বলা হয়, আর আপনি দেখছেন যে একটা প্রবণতা যেখানে সেই সব কিছু শেষ করে হিন্দি সব জায়গায় চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছেআমার কাছে ৭৮০টা ভাষা নিয়ে আমরা আশ্চর্যজনক সম্পদশালী। যদি আপনারা একটা একমাত্রিক, একরঙা সমাজ চান, যেখানে ১৩০ কোটি মানুষ বাস করে, যাদের মধ্যে কোনও রকম কোনও পার্থক্য নেই, আমি সেই পৃথিবীতে থাকতে ঘৃণা বোধ করব। আমি চাইব বৈচিত্র্য থাকুক। যাতে অনেক পার্থক্য জেগে ওঠে যেখান থেকে আপনি এসেছেন আর যেখানে আপনি আছেন তার মধ্যে। যদি আপনি জম্মু কাশ্মীরের একজন কৃষক হন, তাহলে আপনার এমন অনেক দাবির বিষয় থাকবে যা বাংলার কৃষকের থেকে আলাদা। কিন্তু এমন অনেক বিষয় আছে যাতে যেখানে তাঁরা এক হতে পারেন। আপনি এমন কতজন কৃষককে চেনেন যারা স্বামীনাথন কমিশনের রিপোর্টের বিরোধিতা করছেন? আপনি যেখানেই যান, তাঁরা অন্তত এই বিষয়ে শুনেছে। কতজন কৃষক আছেন যাঁরা আরেকটু ভালো ন্যূনতম সহায়ক মূল্যের বিরোধিতা করছেন? তাহলে, এমন কতগুলো মৌলিক বিষয় আছে যেখানে তাঁরা একসঙ্গে আসবেন, আর এর প্রক্রিয়াটা একটা ছোটো বিষয় নয়। যত আপনি এগিয়ে যাবেন, আরও আরও বেশি করে মানুষ ভাববে এই বিষয়গুলো নিয়ে। একটা স্বামীনাথন কমিশনের ধারণার জন্যেও প্রত্যেককে অনেক বছর অপেক্ষা করতে হয়েছে।

(অনুবাদ: কণিষ্ক ভট্টাচার্য)
--------

20181205

#দিদিভাই-মোদীভাই: ফ্রেন্ডশিপ আনলিমিটেড



অজয় দাশগুপ্ত   

গত ১০ই সেপ্টেম্বর, ২০১৮। পেট্রল-ডিজেলের দামে আগুন, বাজারে জিনিসপত্রের দামও একইভাবে হুহু করে বেড়েই চলেছে। স্বাভাবিকভাবেই বামপন্থী দলগুলিসহ প্রায় সমস্ত বিরোধী দল ভারত বনধ্‌-এর ডাক দিলো। তৃণমূলের অবস্থান ছিল দেখার মতো, একেবারে ‘ধরি মাছ, না ছুঁই পানি’ গোছের! বিজেপি সরকারের বিরুদ্ধে বন্‌ধ-এ ওদের ‘না’ (যদিও বামফ্রন্ট সরকারের সময় এরাজ্যে মুড়ি-মুড়কির মতো বনধ্‌ ডাকতো তৃণমূল); কিন্তু বিজেপি-বিরোধী হিসেবে নিজেদের প্রতিপন্ন করার আপ্রাণ চেষ্টায় নাম কা ওয়াস্তে পড়ন্ত বিকেলে একটা ছোটোখাটো প্রতিবাদ মিছিল। শুধু কি তাই, বিজেপি-র কাছে নাম্বার বাড়াতে বন্‌ধ ব্যর্থ করার মরিয়া চেষ্টায় নামলো তৃণমূলী প্রশাসন, পুলিশ ও ঠ্যাঙারেবাহিনী। ভারতের কোনো রাজ্যে, এমনকি বিজেপি-শাসিত রাজ্যগুলিতেও যেটা হয়নি, সেই ‘ডায়াস-নন’ নামে সরকারী ও আধা-সরকারী কর্মচারীদের স্বার্থবিরোধী ফতোয়া জারি করলো তৃণমূল সরকার! সরকারী বাস-ট্রাম অন্যদিনের তুলনায় কয়েকগুণ বেশি চালিয়ে সচল রাখার চেষ্টা। যদিও সে চেষ্টা সফল হয়নি।

সে যাইহোক, এই আনুগত্যের ফলাফল কিন্তু হাতেনাতে পেয়েছে তৃণমূল। এর দুদিনের মধ্যেই, গত ১২ই সেপ্টেম্বর সংসদের নীতিবিষয়ক (এথিক্স) কমিটি পুনর্গঠিত করলেন লোকসভার অধ্যক্ষ সুমিত্রা মহাজন এবং নারদ ঘুষকান্ডের তদন্তে গত আড়াই বছর ধরে একটিও মিটিং না ডেকে শীতঘুমে থাকা এই কমিটির চেয়ারম্যান আবার হলেন বিজেপি-র প্রবীণ নেতা লালকৃষ্ণ আদবানি। গত ১লা আগস্ট দিল্লিতে সংসদ ভবনে তাঁর কক্ষে গিয়ে পায়ে হাত দিয়ে মমতা ব্যানার্জির প্রণাম করার ছবি সংবাদমাধ্যমে প্রচারিত হয়েছে। দীর্ঘক্ষণ তাঁরা ‘সৌজন্যমূলক’ আলাপচারিতায় ব্যস্ত ছিলেন, বলেও আমরা সংবাদমাধ্যমসূত্রে জানতে পেরেছিলাম! 

আরেকটি ঘটনার কথা উল্লেখ না করলেই নয়। ২০১৭সালের ২১শে নভেম্বর ভদ্রেশ্বর পৌরসভার তৃণমূল বোর্ডের চেয়ারম্যান মনোজ উপাধ্যায় খুন হলেন। এই ঘটনায় বি জে পি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ প্রতিক্রিয়া দিতে গিয়ে বললেন, ‘‘মনোজ উপাধ্যায়কে অনেকদিন ধরে চিনি। উনি দীর্ঘদিনের আর এস এস কার্যকর্তা। উনি রামনবমীর মিছিলও করেছেন।’’ এরকম আরও অনেক আর এস এস স্বয়ংসেবক তৃণমূলের মধ্যে যে কাজ করছে, তা তৃণমূলের উদ্যোগে রামনবমী, গণেশপুজো, জন্মাষ্টমীর বহর দেখলেই বোঝা যায়সদ্য দলত্যাগী, তৃণমূলের একদা ‘সেকেন্ড-ইন কম্যান্ড’ মুকুল রায় কিছুদিন আগেই সাংবাদিক সম্মেলনে খোলসা করে বলেছেন, ‘‘জন্মলগ্ন থেকেই বি জে পি-র সহযোগিতা, সাহায্য নিয়েই এগিয়েছে তৃণমূল। তৃণমূলের যে সাংগঠনিক শক্তি এত বেড়েছে তা বি জে পি-র সাহায্যেই হয়েছে।’’

এটা কোনও গোপন বিষয় নয়, সবারই জানা। তবুও তৃণমূলের নেতানেত্রীরা এবং তাদের প্রসাদপুষ্ট মিডিয়া বারবার মানুষের মধ্যে এই ধারণাই গড়ে তুলতে চায়, যে বি জে পি-র বিরুদ্ধে লড়ছে একমাত্র তৃণমূলই! এই লক্ষ্যেই বামপন্থীদের সমস্ত আন্দোলন-কর্মসূচির খবর কর্পোরেট মিডিয়া ব্ল্যাক আউট করার অঘোষিত সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। সাম্প্রতিক সময়ে দিল্লিতে ‘মহাপডাও’ বা এরাজ্যে বি পি এম ও পদযাত্রার মতো কয়েকটি ঘটনায় এটা প্রমাণিত। অথচ, এটা ঘটনা যে বি জে পি এবং তৃণমূল, এরাজ্যে এই দুই দলই কাজ করছে পরস্পরকে পুষ্ট করার লক্ষ্য নিয়ে, ‘প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িকতা’র কৌশল অবলম্বন করে।

(২)

আসলে, পশ্চিমবাংলায় বি জে পি-আর এস এস-এর ভিত তৈরির জন্যই কংগ্রেস ভেঙে জন্ম হয়েছিল তৃণমূল নামে দলটার। তৃণমূল তৈরির আগে থেকে আজ পর্যন্ত এই দল এবং দলের সুপ্রিমোর গতি-প্রকৃতি একটু তলিয়ে বিচার করলেই সেটা সবার সামনে স্পষ্ট হয়ে যাবে। ঘটনাপ্রবাহ বলছে, বি জে পি-আর এস এস ‘মুখ’, আর তৃণমূল ‘মুখোশ’-এর কাজ করে চলেছে বিভিন্ন সময়। যেখানে এবং যখন ‘মুখ’ দেখিয়ে কাজ হবে না, তখন ‘মুখোশ’ দেখাও! কিছু লোকদেখানো নাটকবাজি সঙ্গে যুক্ত করো, ব্যাপারটাকে বিশ্বাসযোগ্য করে তোলার জন্য! তৃণমূলের জন্মলগ্ন থেকে ইতিহাস একটু খতিয়ে দেখলেই এটা আরও স্পষ্ট হবে। 

১৯৯২সালের ৬ই ডিসেম্বর। গোটা বিশ্বে ধর্মনিরপেক্ষ ভারতের ঐতিহ্যকে কলঙ্কিত করে ধুলোর সঙ্গে মিশিয়ে দেওয়া হলো চারশো বছরের পুরানো বাবরি মসজিদের ইমারতকে। মমতা ব্যানার্জি তখন কংগ্রেসে, কেন্দ্রে নরসিমা রাও সরকারের মন্ত্রী। মুখ্যমন্ত্রী জ্যোতি বসু তখন বারবার প্রধানমন্ত্রীকে বি জে পি-আর এস এস যে বাবরি মসজিদ ভাঙতে চলেছে, তানিয়ে সতর্ক করছিলেন। ৪ঠা ডিসেম্বর বামফ্রন্ট প্রতিবাদ সমাবেশও করে কলকাতায়। সেদিনই পালটা সভা করে মমতা ব্যানার্জি বলেন, ‘‘অযোধ্যা নিয়ে সাধারণ মানুষের দৃষ্টি ঘোরাতে মিথ্যা প্রচার চালাচ্ছে সি পি এম। বি জে পি অযোধ্যায় কিছুই করতে পারবে না। এসব সি পি এম-এর ষড়যন্ত্র।’’ মসজিদ ভাঙার পর অবশ্য এনিয়ে তিনি এই সেদিন পর্যন্ত টুঁ শব্দটি করেননি। আচমকা এবছর তিনি ৬ই ডিসেম্বর মুখ খুলে নানারকম আষাঢ়ে গল্প শুনিয়েছেন!

১৯৯৬ সালে অটলবিহারী বাজপেয়ীর ১৩দিনের সরকারের পতন হলো। গঠিত হলো সংযুক্ত মোর্চার সরকার। এই সময় জাতীয় রাজনীতিতে বি জে পি যখন একেবারে কোণঠাসা, কার্যত আঞ্চলিক দলগুলি যখন বি জে পি-কে একঘরে করে দিয়েছিল, ঠিক তখনই বি জে পি-কে বাঁচাতে মঞ্চে আবির্ভাব ঘটে মমতা ব্যানার্জির। কংগ্রেস ভেঙে তখন তিনি নতুন দল গড়ার প্রস্তুতি নিচ্ছেন। তৃণমূল তৈরি হওয়ার আগেই, ১৯৯৭ সা‌লের ডি‌সেম্বর মা‌সে, মমতা ব্যানার্জিই প্রথম বলেন, ‘‘বি‌ জে ‌পি অচ্ছুৎ নয়’’। ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক মানুষদের অনেকেই তখন অবাক হয়েছিলেন। কিন্তু নতুন দল গড়ার মদতটা কোন জায়গা থেকে এসেছিল, তা বুঝতে কারও অসুবিধা হয়নি। ১৯৯৮সা‌লের লোকসভা ভো‌টে জোট বাঁধ‌লেন বি‌ জে ‌পি-র স‌ঙ্গে। বি জে পি সভাপতি লালকৃষ্ণ আদবানি তখন বলেছিলেন, ‘‘পশ্চিমবঙ্গে বি জে পি-র সঙ্গে তৃণমূলের এই জোট একটি ঐতিহাসিক পদক্ষেপ।’’ জ্যোতি বসু এই প্রসঙ্গে বারবার বলতেন, ‘‘তৃণমূলের সবচেয়ে বড় অপরাধ ওরা সাম্প্রদায়িক বি জে পি-কে এরাজ্যে হাত ধরে ডেকে এনেছে।’’

(৩)
১৯৯৮ সালে লোকসভা নির্বাচনের পর প্রথম এন ডি এ সরকারের রেল মন্ত্রকের স্ট্যান্ডিং কমিটির চেয়ারপারসন হয়ে তৃণমূলনেত্রী ক্ষমতার অলিন্দে। ১৯৯৯ সালে আবার বি জে পি-র সঙ্গে জোট, আবার সরকারে, এবার রেলমন্ত্রী। যদিও ২০০১ সালের বিধানসভা নির্বাচনে ফায়দা তোলার জন্য এন ডি এ থেকে বের হয়ে এসে কংগ্রেসের সঙ্গে জোট বাঁধেন। কিন্তু কলকাতা কর্পোরেশনে সেই সময়েও তাদের সঙ্গে বি জে পি-র জোট পুরোদস্তুর বহাল ছিল। তৃণমূলের সুব্রত মুখার্জি মেয়র এবং বি জে পি-র মীনাদেবী পুরোহিত ডেপুটি মেয়রবিধানসভা নির্বাচনে বিপর্যয়ের পর মমতা ব্যানার্জি আবার ফিরে যান এন ডি এ-তে। এবার হন কয়লামন্ত্রী। সেই সময়, ২০০১ সালের ২৪শে আগস্ট বি বি সি-র ‘হার্ডটক ইন্ডিয়া’ অনুষ্ঠানে করণ থাপারের নেওয়া এক সাক্ষাৎকারে মমতা ব্যানার্জি স্পষ্ট বলেন, ‘‘বি জে পি আমাদের স্বাভাবিক মিত্র..।’’

এন ডি এ আমলেই ২০০২ সালের গোড়াতে হয় গুজরাটে সংখ্যালঘু গণহত্যা, ভারতের ইতিহাসে যা বর্বরতম ঘটনা। বিশ্বজুড়ে এর নিন্দা হয়েছিল। কিন্তু মমতা ব্যানার্জি এই হত্যাকাণ্ডের কোনও প্রতিবাদ করেননি। তখন তাঁর প্রথম প্রতিক্রিয়া ছিল, ‘এটা বি জে পি-র অভ্যন্তরীণ ব্যাপার।’ ওই বছরই গুজরাটে বিধানসভা নির্বাচনে বি জে পি আবার জয়ী হলে মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফুলের তোড়া পাঠিয়ে সবার আগে শুভেচ্ছা জানিয়েছিলেন মমতা ব্যানার্জি।

২০০৩ সা‌লে ১৫ই সেপ্টেম্বর নয়া‌দি‌ল্লি‌তে আর এস এস-এর মুখপত্র ‘পাঞ্চজন্য’-র সম্পাদক তরুণ বিজয় সম্পাদিত ‘কমিউনিস্ট টেররিজম’ নামে পুস্তক প্রকাশ অনুষ্ঠা‌নে মমতা ব্যানার্জি ব‌লেন, ‘‘কমিউনিস্টদের বিরুদ্ধে লড়াইয়ে আমি আপনাদের পাশে আছি। য‌দি আপনারা আমায় ১শতাংশ সাহায্য ক‌রেন, আমরা ক‌মিউ‌নিস্ট‌দের সরা‌তে পার‌বো।’’ মমতা ব্যানার্জির আহ্বা‌নে আর এস এস স্বয়ংসেবকরা খুবই উৎসা‌হিত হয়অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহন ভাগবত, মদনদাস দেবী, এইচ ভি শেষাদ্রির মতো কট্টর হিন্দুত্ববাদী শীর্ষ নেতারা। তাঁদের উদ্দেশ্যে অনুষ্ঠানে মমতা বলেন, ‘‘..আপনারাই হলেন প্রকৃত দেশপ্রেমিক।’’ ‌বি‌ জে পি-র তৎকা‌লীন রাজ্যসভা সাংসদ বলবীর পুঞ্জ, ওই সভা‌তেই ব‌লেন,‘‘আমা‌দের প্রিয় মমতাদি‌দি সাক্ষাৎ দুর্গা।’’

আর এস এস-এর অনুষ্ঠানে গিয়ে তাদের ‘খাঁটি দেশপ্রেমিক’ বলে যে সার্টিফিকেট দিয়েছিলেন মমতা ব্যানার্জি, তা কিন্তু স্বয়ংসেবকরা ভোলেনি। গত লোকসভা নির্বাচনের কিছুদিন আগে, ২০১৩সালের ৪ঠা আগস্ট ‘সঙ্ঘ পরিবার’ টুইট করে জানিয়েছিল যে মমতা সেদিন তাঁদের ‘প্রশংসায় পঞ্চমুখ’ হয়েছিলেন! মমতা ব্যানার্জির প্রতি সঙ্ঘ পরিবারের কৃতজ্ঞতা এখনও যে ম্লান হয়নি, তা ২০১৬ সালের বিধানসভা নির্বাচনের পরেও তারা জানিয়েছে।

২০০৪-র লোকসভা নির্বাচনেও বি জে পি-র সঙ্গেই ছিল তৃণমূল। ২০০৪ সা‌লে ৮ই এপ্রিল নয়া‌দি‌ল্লি‌তে বিজে‌পি নেতৃত্বাধীন এন‌ ডি এ-র লোকসভা নির্বাচ‌নের ইশ‌্‌তেহার প্রকা‌শিত হয়। প্রকাশ ক‌রেন অটলবিহারী বাজ‌পেয়ী। ইশ‌্‌তেহা‌রে রামম‌ন্দির ‌নির্মা‌ণের ইস্যু, গোহত্যা বন্ধের মতো বিষয় লেখা হ‌য়ে‌ছিল। আবার সরকা‌রে এলে কয়লাখ‌নি বেসরকারি হাতেই যা‌বে, সেকথাও বলা হয়েছিল। ‌বি‌ জে ‌পি-র এতগু‌লো লক্ষ্য উল্লেখ ক‌রা হয়ে‌ছি‌ল ওই ইশ্‌তেহার। ওইদিন মঞ্চে হা‌জির ছি‌লেন, এন‌ ডি এ-র ১১টি শ‌রিক দ‌লের মধ্যে মাত্র ৫টি দলের প্রতি‌নি‌ধি। সেই ৫জনের মধ্যে একজন হ‌লেন মমতা ব্যানা‌র্জি। সে‌দিন ইশ‌্‌তেহার প্রকা‌শিত হওয়ার আগেই সম্ম‌তি জা‌নি‌য়ে তাতে সই করে‌ছি‌লেন তি‌নি।

২০০৫ সা‌লের ৪ঠা আগস্ট সংসদে প‌শ্চিমব‌ঙ্গে ‘অনুপ্রবেশ’-এর অভিযোগ তুলে, এবিষয়ে আর এস এস-র বহুলপ্রচারিত বক্তব্যই আওড়াতে থাকেন মমতা ব্যানার্জি। আসলে তার মাধ্যমে তিনি সঙ্ঘ পরিবারকে বার্তা দিতে চাইছিলেন: ‘‘আমি তোমা‌দেরই লোক।’’

২০০৬-র বিধানসভা নির্বাচনেও তৃণমূল বি জে পি-র সঙ্গে জোট বেঁধেই এরাজ্যে লড়েছিল। নির্বাচনের পরে ওই বছরের ২৫শে ডিসেম্বর ধর্মতলায় অনশন মঞ্চে তৃণমূলনেত্রীর সঙ্গে দেখা করেছিলেন আজকের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। বামফ্রন্টবিরোধী যাবতীয় ষড়যন্ত্র, হিংসাশ্রয়ী আন্দোলনে বরাবর তৃণমূলকে মদত জুগিয়েছে বি জে পি–আর এস এস।

এমনকি, ২০০৯-র লোকসভা ভোটে এবং ২০১১সালের বিধানসভা ভোটে কংগ্রেসের সঙ্গে তৃণমূল জোট বাঁধলেও বি জে পি-আর এস এস বামফ্রন্টকে পরাস্ত করতে তৃণমূলের হয়েই যে গোপনে কাজ করেছিল, পরে বি জে পি-আর এস এস-র নেতারা বিভিন্ন প্রকাশ্য সভায় তা বলেছেন। চরম বামপন্থী থেকে উগ্র দক্ষিণপন্থী-মাওবাদী থেকে আর এস এস-সমস্ত শক্তির তখন একটাই লক্ষ্য ছিল বামফ্রন্টকে হটানো। পশ্চিমবঙ্গে ক্ষমতা দখলের পর ২০১২ সালের ২০শে সেপ্টেম্বর তৃণমূল দ্বিতীয় ইউ পি এ মন্ত্রিসভা থেকে সরে যায়।

(৪)
২০১১-য় রাজ্যে তথাকথিত ‘পরিবর্তন’-র পরে মমতা ব্যানার্জিকে একটি গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছিলেন নরেন্দ্র মোদী। মোদী তখনও প্রধানমন্ত্রী হননি। তবু ‘কমিউনিস্ট’ নিধনের আহ্বানটিই যেন মমতা ব্যানার্জিকে মনে করিয়ে দিয়ে নরেন্দ্র মোদী তৃণমূল কংগ্রেস নেত্রীর উদ্দেশ্যে বলেছিলেন —‘‘প্রথম রাতেই বেড়াল মেরে দিন।’’ ২০১১ সালের বিধানসভা নির্বাচনে বামফ্রন্ট সরকারের পরাজয়ে উল্লসিত আর এস এস তাদের পশ্চিমবঙ্গ কমিটির মুখপত্র ‘স্বস্তিকা’র ২৩শে মে, ২০১১ তারিখের সম্পাদকীয়তে লেখে: ‘‘অবশেষে দুঃশাসনের অবসান।...ইহা স্বীকার করিতেই হইবে, পশ্চিমবঙ্গের মার্কসবাদী সরকার ও ক্যাডারদের অত্যাচারের প্রতিবাদে দায়িত্বশীল ভূমিকায় অবতীর্ণ হন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁহারই নেতৃত্বে তৃণমূল জোটের এই বিরাট জয়।’’

২০১৩সালে হাওড়া লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে বি জে পি প্রার্থী ঘোষণা করেছিল। দেওয়ালে বি জে পি প্রার্থীর নাম লেখাও শুরু হয়েছিল। এই অবস্থায় দিল্লিতে বি জে পি সভাপতি রাজনাথ সিংয়ের বাড়িতে হাজির তখন তৃণমূলের প্রভাবশালী সাংসদ, চিট ফান্ড মালিক কে ডি সিং। বি জে পি-র সাধারণ সম্পাদক রাজীব প্রতাপ রুডির উপস্থিতিতে আঁতাত সম্পন্নএকেবারে শেষ মুহূর্তে বি জে পি প্রার্থীর নাম প্রত্যাহার।

২০১৩সালের পঞ্চায়েত ভোটেও তৃণমূল-বি জে পি সুযোগ বুঝে আঁতাত করেছে। যেমন, পাঁশকুড়ার চৈতন্যপুর-১নম্বর গ্রাম পঞ্চায়েতে বি জে পি-কে সঙ্গে নিয়েই পঞ্চায়েত গঠন করেছিল তৃণমূল। প্রধান বি জে পি-র, উপপ্রধান তৃণমূলের! মিনাখাঁ, বামনপুকুর, চৈতল—তিনটি গ্রাম পঞ্চায়েতই চলেছে তৃণমূল-বি জে পি-র যৌথ বোঝাপড়ায়, একেবারে প্রকাশ্যে। উদাহরণ আরও আছে। অবশ্য, পরে বেশ কিছু জায়গায় অন্য দলের মতই বি জে পি-র পঞ্চায়েত প্রতিনিধিদেরও দল ভাঙিয়েছে তৃণমূল।

সারদাসহ চিট ফান্ড কেলেঙ্কারি এবং নারদ ঘুষকাণ্ডে এই দুই দলের গোপন বোঝাপড়া দিনের আলোর মতো স্পষ্ট হয়ে গেছে। ২০১৪সালে লোকসভা নির্বাচনের আগে নরেন্দ্র মোদী বিভিন্ন বক্তৃতায় চিট ফান্ড কেলেঙ্কারি নিয়ে অনেক বড় বড় কথা বলেছিলেন। কিন্তু মোদী সরকারের আমলে কেন্দ্রীয় সংস্থাগুলি, যেমন সি বি আই, ই ডি, এস এফ আই ও কি করেছে? চার বছরের বেশি সময় ধরে ক্রমাগত টালবাহানা করে এই তদন্ত বিলম্বিত করে চলেছে।

মণিপুরে, ২০১৭ সালে বিধানসভা নির্বাচনের পর বি জে পি-র সরকার গড়তে সমর্থন করে একমাত্র তৃণমূল বিধায়ক টি রবীন্দ্র সিং। আস্থাভোটে বি জে পি-কে সমর্থন করার পর ওই তৃণমূল বিধায়ক বলে ‘দলের নির্দেশেই সমর্থন।’ আজ পর্যন্ত সেই বিধায়ককে তৃণমূল আনুষ্ঠানিকভাবে বহিষ্কার করেনি। 

অন্যদিকে, ত্রিপুরার ঘটনায় তৃণমূল যে আদতে বি জে পি-কেই পুষ্ট করতে কাজ করছে, তা একেবারে স্পষ্ট হয়ে গেছে। ২০১৩ সালের বিধানসভা নির্বাচনে জয়ী কংগ্রেসের ৬বিধায়ক ২০১৬ সালের জুন মাসে প্রথমে তৃণমূলে যোগ দেয়। কিন্তু এবছর এপ্রিল মাসে এই ৬বিধায়কই বি জে পি-তে যোগ দেয়। এমনকি, তৃণমূলের রাজ্যদপ্তরের সাইনবোর্ড পর্যন্ত তারা উলটে দিয়ে তাকে বি জে পি-র দপ্তরে পরিণত করেছে!

সংসদে বিভিন্ন ঘটনায় তৃণমূলের সঙ্গে বি জে পি-র গোপন বোঝাপড়া স্পষ্ট! ২০১৭ সালের ২৯শে মার্চ রাজ্যসভায় অর্থবিল পাশ করাতে তৃণমূল ওয়াক-আউট করে। রাজ্যসভায় অর্থবিলের বিরুদ্ধে তৃণমূল ভোট দিলে তা অনুমোদন হতো না, বেকায়দায় পড়তো মোদী সরকার। কিন্তু সমস্ত বিরোধী দল ভোট দিলেও তৃণমূল অধিবেশন বয়কট করে ওই বিল অনুমোদনের সুযোগ করে দেয় বি জে পি-কে। সংসদে বারেবারে বিজেপি সরকারকে সাহায্য করে চলেছে তৃণমূল। সংসদে বিভিন্ন প্রশ্নে তৃণমূল কিভাবে বিজেপি-র ‘অনুগত বিরোধী’র ভূমিকা পালন করে চলেছে, তা গত ৪ঠা মার্চ, ২০১৬ ‘দ্য টেলিগ্রাফ’ পত্রিকায় প্রথম পাতায় প্রকাশিত একটি সংবাদ (TMC plays 'loyal Opposition', only for PM) দেখলেই বোঝা যাবে। ঠিক বিধানসভা নির্বাচনের আগে সংসদের অধিবেশনে যখন বিরোধীরা মোদী সরকারকে তুলোধোনা করছেন, তখন তৃণমূল সাংসদদের কাছে খোদ মমতা ব্যানার্জির কাছথেকে নির্দেশ আসে যে ‘অনুগত বিরোধী’র ভূমিকা পালন করতে হবে, যা শুনে এমনকি তৃণমূল সাংসদরাও বিস্মিত হয়ে যান। বিরোধী দলগুলি যখনই এককাট্টা হয়ে মোদী সরকারের বিরুদ্ধে আক্রমণে নেমেছে, তখনই ছলেবলে কৌশলে তৃণমূল তা এড়িয়ে গেছে, বা বানচাল করার চেষ্টা করেছে। ‘ফেডারেল ফ্রন্ট’ তারই একটি সাম্প্রতিক উদাহরণ!

নারদ ঘুষকান্ডর কথা আগেই বলা হয়েছে। নারদকাণ্ডের জেরে গঠিত লোকসভার এথিক্স কমিটির চেয়ারম্যান হিসেবে রয়েছেন বি জে পি-র বর্ষীয়ান নেতা লালকৃষ্ণ আদবানি‘এক্স ফাইলস’-এর ভিডিও ফুটেজে তৃণমূলের যে সব সাংসদকে দেখা গিয়েছে, তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়টি খতিয়ে দেখবে এই কমিটি। লোকসভায় নারদা স্টিং অপারেশনের টেপ জমা পড়ার আড়াই বছর বাদেও কোনও পদক্ষেপ নেওয়া তো দূরের কথা, একটি বৈঠকও ডাকা হয়নি। শুধু তাই নয়, রাজ্যসভায় এথিক্স কমিটি গঠনের বিরোধিতা করেছে স্বয়ং মোদী সরকার। কেন? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলিকে পর্যাপ্ত নথিপত্র দেওয়ার পরেও চিট ফান্ড মালিক তৃণমূল সাংসদ (বর্তমানে সাসপেন্ডেড) কে ডি সিংয়ের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকার কেন ব্যবস্থা নিচ্ছে না?

অথচ ইউ পি এ সরকারের আমলে যখন লোকসভার অধ্যক্ষ ছিলেন সোমনাথ চ্যাটার্জি, তখন ঘুষকান্ডে জড়িত সাংসদদের বিরুদ্ধো মাত্র ১২দিনের মধ্যে তিনি ব্যবস্থা নিয়েছিলেন। ২০০৫সালের ১২ই ডিসেম্বর গোটা দেশ তোলপাড় হয়েছিল ১১জন সাংসদের ঘুষ নেওয়ার ক্যামেরাবন্দি দৃশ্যে। ১০জন লোকসভার ও ১জন রাজ্যসভার সদস্যকে সেদিনও এক স্টিং অপরেশনে দেখা গিয়েছিল ঘুষ নিতে। তারমধ্যে ৬ই জনই ছিল বিজেপি-র সাংসদ। ২০০৫সালের ২৪শে ডিসেম্বর মাত্র ১২দিনের মধ্যে লোকসভার ১০জন সাংসদ ও রাজ্যসভার ১জন সাংসদকে বহিষ্কারের সিদ্ধান্ত গৃহীত হয়েছিল। এখন আড়াই বছর আগে নারদ ঘুষকান্ডে তৃণমূল সাংসদদের ক্যামেরাবন্দী ভিডিও ফরেনসিক টেস্টে প্রমাণিত হওয়ার পরেও তাঁদের সদস্যপদ টিঁকিয়ে রেখে বিজেপি-র কী লাভ, এটা না বোঝার কোনো কারণ নেই!

(৫)
২০১৬সালের বিধানসভা নির্বাচনেও যে অন্তত ১০০টা কেন্দ্রে বি জে পি প্রার্থীরা বিরোধী ভোট কেটে তৃণমূলকে সহযোগিতা করেছে, কলকাতায় এসে সেকথা বলেছেন কেন্দ্রীয় মন্ত্রী উমা ভারতী। বি জে পি না থাকলে তৃণমূলের দ্বিতীয়বার ক্ষমতায় আসা যে সহজ হতো না তা মাঝেমধ্যেই বলে থাকেন দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আর এস এস-র সরসঙ্ঘচালক মোহন ভাগবত বিধানসভা ভোটের আগে সায়েন্স সিটি প্রেক্ষাগৃহে সঙ্ঘের স্বয়ংসেবকদের সভায় খোলাখুলি বলেছেন, ‘‘আমরা এখানে এমন কিছু করতে পারি না, যাতে কমিউনিস্টরা আবার ক্ষমতায় ফিরে আসে।’’

তৃণমূলের নীতির কারণেই পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িক শক্তির বাড়বাড়ন্ত। বি জে পি-র হিন্দুত্বের সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সংখ্যালঘু মানুষকে সাম্প্রদায়িকতার ভিত্তিতে উসকানি দিচ্ছে তৃণমূল, যাতে সংখ্যাগুরু সাম্প্রদায়িকতাই আরও পুষ্ট হচ্ছে। এদিকে, পশ্চিমবঙ্গে ফুলে-ফেঁপে উঠেছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ। ২০১১ সালে তৃণমূল ক্ষমতায় আসার আগে বামফ্রন্ট সরকারের সময় বাংলায় আর এস এস-র শাখা ছিল মাত্র ৪৭৫টি। কিন্তু গত ছয় বছরে এই উগ্র সাম্প্রদায়িক ফ্যাসিবাদী সংগঠনটির শাখা পশ্চিমবঙ্গে তিনগুণেরও বেশি বেড়ে দাঁড়িয়েছে ১৫০০। রাজ্যে আর এস এস পরিচালিত প্রাথমিক স্কুলের সংখ্যা বর্তমানে ৩০৯টি। এছাড়া ১৬টিতে মাধ্যমিক-উচ্চমাধ্যমিক স্তরে পড়াশুনা হয়। আর এরমধ্যে ১৫টি গড়ে উঠেছে গত পাঁচ বছরে। এই তিনশোর বেশি হিন্দুত্ববাদী শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রছাত্রীর সংখ্যা ৬৬হাজার ৯০ জন। ৫০০টি শিশুমন্দির ও ৫০টি বিদ্যালয়মন্দির (হাইস্কুল) প্রতিষ্ঠা করার লক্ষ্য নিয়ে দ্রুত এগচ্ছে আর এস এস।

গত তিন বছরে রাজ্যে খাগড়াগড় বিস্ফোরণের মতো ঘটনা ঘটেছে। ঘটেছে ধূলাগড়, বসিরহাট, নোয়াপাড়ার মতো সাম্প্রদায়িক দাঙ্গার ঘটনা। এই সবকটি ঘটনাতেই স্পষ্ট, বি জে পি-আর এস এস-হিন্দু সংহতি সমিতির সঙ্গে পাল্লা দিয়েই সাম্প্রদায়িক বিভাজনে নেমেছে তৃণমূল, যাতে ভোটের রাজনীতির ফায়দা হয়। পরস্পরকে পুষ্ট করার লক্ষ্য নিয়েই এই দুই দল এগচ্ছে। ‘রামনবমী’র মিছিলের পালটা ‘হনুমান জয়ন্তী’ করা তারই একটি উদাহরণ। এরাজ্যে প্রথম গোরক্ষকদের হাতে খুন হয়েছিল ধূপগুড়িতে, গরিব পরিবারের দুই ১৯ বছরের কিশোর। গ্রেপ্তার হলো পাঁচ-তিনজন তৃণমূলের, দুইজন আর এস এস’র.! কেশিয়াড়িতে ১৫একর জমিতে আর এস এস গোশালা করলো..গোমূত্র মেলে সেখানে....জমি দিল তৃণমূল.....গোমূত্র বিক্রিও করছে তৃণমূল.....এরাজ্যের বুকে গণতন্ত্র রক্ষা, শ্রমিকের লড়াই, কৃষকের লড়াই, ছাত্রদের ক্যাম্পাস রক্ষার লড়াই, বিভাজনের রাজনীতির ঠেকানোর লড়াই এমনকি বি জে পি’র বিরুদ্ধে লড়াই- এসবের ক্ষেত্রে প্রথম ও প্রধান বাধা তৃণমূল..মমতার বাহিনীর এই উন্মত্ত ভোটলুটের একটা উদ্দেশ্য হলো বিজেপি’কে জায়গা করে দেওয়া...প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িকতার মাধ্যমে। এই প্রসঙ্গো, গত ১১ সেপ্টেম্বর, ২০১৮ তারিখে আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের সাক্ষাৎকারটা (নিশ্চয়ই পড়েছেন) আরেকবার পড়ে নিতে অনুরোধ করছি। ওখানে তৃণমূলের 'স্বৈরতান্ত্রিক' চরিত্র উল্লেখ করে উনি স্পষ্ট করে দিয়েছেন কেন সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াইয়ে স্বৈরাচারের সঙ্গে হাত মেলালে বামপন্থীদের ক্ষতিই হবে। বরং বিজেপি-র বিরুদ্ধে অন্যান্য অসাম্প্রদায়িক দলগুলোর সঙ্গে জোট বেঁধে ঐক‍্যবদ্ধ প্রতিরোধে নামাটাই জরুরী কাজ এই মুহূর্তে। তৃণমূল যে সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতির সুযোগ বাড়িয়ে দিচ্ছে, তাও উনি  স্পষ্টভাষায় বলেছেন।

তৃণমূল কংগ্রেস সরকারের অপসারণ আর এস এস-র লক্ষ্য নয়। আর এস এস মমতা ব্যানার্জির ‘আত্মশুদ্ধি’ চায়। চায় তৃণমূল কংগ্রেসের ‘রিফর্ম’। ২০১৬ সালের অক্টোবরে হায়দরাবাদে তিনদিনের জাতীয় কার্যনির্বাহী বৈঠকে এই সিদ্ধান্তই নেওয়া হয়েছিল। ২০১৭ সালের ১৪ই জানুয়ারি ব্রিগেডের সভাতেও আর এস এস-র সরসঙ্ঘচালক মোহন ভাগবত তৃণমূল সরকারের বিরুদ্ধে একটি কথাও বলেননি। বি জে পি এবং সর্বোপরি আর এস এস-এর হয়ে কিভাবে তৃণমূল দল কাজ করছে, আর বি জে পি-আর এস এস কিভাবে তৃণমূলকে টিকিয়ে রেখেছে, তৃণমূল যে আদতে বি‌ জে‌ পি-র ‘মু‌খোশ’ তা যত দিন যাবে, ততই আরো স্পষ্ট হয়ে উঠবে।
********
২১শে সেপ্টেম্বর, ২০১৮

‘দুন্দুভি’ শারদ সংকলন

20180701

আক্রমণ বহুমুখী গণপ্রতিরোধই একমাত্র বিকল্প


সূর্য মিশ্র

আজকের দিনে বামপন্থীদের রাজনৈতিক দায়িত্ব ও কর্তব্যকে বুঝতে হলে বর্তমান পরিস্থিতিকে আগে ভালো করে বুঝে নিতে হবে। একটা অত্যন্ত জটিল এবং কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে আমরা চলেছি।  একথা শুধু পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিপ্রেক্ষিতেই সত্য নয়, সারা দেশে এবং সারা দুনিয়ার পরিস্থিতির ক্ষেত্রেই প্রযোজ্য। আমাদের দেশের শুধু বামপন্থীদের কাছেই নয়, ধর্মনিরপেক্ষ এবং গণতান্ত্রিক সমস্ত শক্তির কাছেই এত বড় চ্যালেঞ্জ আগে কখনো আসেনি। সারা দুনিয়াতেও যারা বামপন্থার জন্য লড়ছেন, গণতন্ত্র প্রসারের জন্য লড়ছেন তাঁরাও দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এমন পরিস্থিতি কখনও দেখেননি। পরিস্থিতির এই জটিলতা এবং তা কতো কঠিন তা গুরুত্ব সহকারে অনুধাবন করতেই হবে। তা না হলে আমরা কীসের বিরুদ্ধে লড়ছি, বেড়ালের সঙ্গে নাকি হায়নার সঙ্গে লড়ছি তা না বুঝে লড়াইয়ের জন্য নিজেদের ঠিকভাবে প্রস্তুত করতে পারবো না। বাস্তবকে ঠিকমতো বুঝে না নিলে প্রত্যাশার সঙ্গে মিলবে না, হতাশা গ্রাস করবে।
*********
অতীতে আমরা বহু আক্রমণ সন্ত্রাস দেখেছি, এরাজ্যেও দেখেছি, সারা দেশেও দেখেছি। জরুরি অবস্থা দেখেছি, পশ্চিমবঙ্গে আধা ফ্যাসিবাদী সন্ত্রাস দেখেছি এবং আরও অনেক অত্যাচার দেখেছি। কিন্তু এখন যা ঘটছে তা সেসবের থেকেও অনেক বড় আক্রমণ। অনেক ব্যাপকতর এবং তীব্র। সাতের দশকে সন্ত্রাস রাজ্যের সব জেলায় ছিল না, কয়েকটি জেলায় সীমিত ছিল। এখন তা সারা রাজ্যে ব্যাপ্ত। রাজ্যের প্রতিটি গণতান্ত্রিক প্রতিষ্ঠান আক্রান্ত, নাগরিক অধিকার আক্রান্ত। পঞ্চায়েত নির্বাচনে আমরা সারা রাজ্যেই সন্ত্রাস দেখেছি। ব্যাপকতম এলাকাজুড়ে নজিরবিহীন সন্ত্রাস চলেছে। প্রায় প্রতিটি জেলায় ব্লক অফিস, মহকুমাশাসকের অফিস এমনকি জেলাশাসকের অফিসগুলিও শাসকদলের সমাজবিরোধীরা পুলিশ প্রশাসনের প্রশ্রয়ে দখল নিয়েছে। মনোনয়ন জমা দিতে বাধা দেওয়া হয়েছে, তারপরে প্রত্যাহারের জন্য কেবল প্রার্থী নয় শিশু মহিলা সহ তাঁদের পরিবার পরিজনদের ওপর আক্রমণ হয়েছে, ভোটের দিনে ভোট লুট করতে এবং সবশেষে ভোট গণনার দিনে গণনাকেন্দ্রেও ছাপ্পা ও আক্রমণ হয়েছে। যত ভোট পড়েছে তার চেয়ে বেশি ভোট গণনা হয়েছে, জয়ী প্রার্থীকে সার্টিফিকেট দিয়ে দেওয়ার পরেও ফের গণনার নামে শাসকদলের প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। এমন আক্রমণ সন্ত্রাসের কোনও নজির আমাদের রাজ্যে তো বটেই সারা দেশের কোথাও নেই।
*********
ব্যাপক এবং তীব্র হলেও সন্ত্রাসই কিন্তু বর্তমান সময়ের একমাত্র বিষয় নয়। এমনকি মুখ্য বিষয়ও নয়। দৈহিক আক্রমণ প্রতিরোধ করার চেয়ে মনোজগতে আক্রমণ মোকাবিলা করা অনেক কঠিন। মিথ্যার মোহজালে যুক্তিবাদ বাঁধা পড়লে যুক্তিহীন মেরুকরণ ও বিভাজনের রাজনীতির উত্থানের ক্ষেত্র প্রস্তুত হয়। বোধবুদ্ধিহীন উন্মাদনায় মেহনতি মানুষের ঐক্যকে ভেঙে ভ্রাতৃঘাতী বিদ্বেষ ও অবিশ্বাসের বাতাবরণ তৈরি করতে পারলে রাষ্ট্রীয় দমনপীড়ন ও সন্ত্রাসের প্রয়োজন হয় না। সাতের দশক এবং অতীতের থেকে বর্তমান পরিস্থিতি আলাদা হওয়ার অন্যতম কারণ এখন বহুমাত্রিক মেরুকরণের রাজনীতি চলছে। সারা দেশের সঙ্গে আমাদের রাজ্যেও সাম্প্রদায়িক মেরুকরণ করা হচ্ছে ধর্মকে ব্যবহার করে। ধর্মের সঙ্গে সাম্প্রদায়িকতার কোনও সম্পর্ক নেই, পৃথিবীর কোনও ধর্মে অন্য ধর্মের প্রতি বিদ্বেষের কথা বলা নেই। তবুও ধর্মকে বাহন করেই সাম্প্রদায়িকতা আক্রমণ হানে। সম্প্রতি কাশ্মীরে মেহবুবা মুফতির সরকারকে ফেলে দিয়ে রাষ্ট্রপতি শাসন জারি করেছে কেন্দ্রের বি জে পি সরকার। কাশ্মীরের মানুষের বিরুদ্ধে তারা কার্যত যুদ্ধ ঘোষণা করেছে। এই আশঙ্কার যথেষ্ট কারণ আছে যে কাশ্মীরের পরিস্থিতিকে কাজে লাগিয়ে পাকিস্তানের সঙ্গে যুদ্ধপরিস্থিতির সৃষ্টি হতে পারে এবং আগামী লোকসভা নির্বাচনের আগে দেশে উগ্র জাতীয়তাবাদ ও সাম্প্রদায়িক মেরুকরণের চেষ্টা হবে। কেন্দ্রে বি জে পি সরকার আসার পরে পশ্চিমবঙ্গে তৃণমূল সরকারের চার বছরের সময়কালে এরাজ্যে আর এস এস-এর শাখার সংখ্যা ১১গুণ বেড়েছে। এছাড়াও তাদের অজস্র হিন্দুত্ববাদী সংগঠন নামে বেনামে সক্রিয় হয়ে উঠেছে। খোলা চোখে এদের দেখা না গেলেও সাম্প্রদায়িক মেরুকরণের কাজ তারা করে চলেছে। আর তৃণমূল কংগ্রেস প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িকতায় নেমেছে। কে বেশি রামভক্ত তা দেখাতে রামনবমীর প্রতিযোগিতা হচ্ছে, কে বেশি হনুমানভক্ত তার প্রতিযোগিতায় হনুমানজয়ন্তী পালন হচ্ছে। সাম্প্রদায়িক সংঘর্ষে মৃত্যুর ঘটনা ঘটেছে।


শুধু সাম্প্রদায়িক মেরুকরণ নয়, এখন বহুমাত্রিক মেরুকরণ করা হচ্ছে মানুষের নানা সত্তাকে ঘিরে। ভাষা নিয়ে কীভাবে মেরুকরণ ঘটানো যায় তা আমাদের মুখ্যমন্ত্রী নিজেই দেখিয়েছেন পাহাড়ে। সেখানে তিনিই প্রথম আগুন জ্বালান বাংলা ভাষা বাধ্যতামূলক করে চাপিয়ে দিয়ে। একইভাবে উত্তরবঙ্গে কামতাপুরী এবং রাজবংশী ভাষার স্বীকৃতির নামে উসকানি চলছে। একটাই ভাষা কিংবা উপভাষা কিন্তু সেটাকে দুটি নামে দাবি করা হচ্ছে, আর মুখ্যমন্ত্রী তাতেই প্ররোচনা দিয়ে দুটি নামেরই স্বীকৃতি দিয়েছেন। আদিবাসীদের মধ্যে আর এস এস খুবই সক্রিয় হয়ে উঠেছে, এমনকি আদিবাসীদের ভিতরের গোষ্ঠীগুলির ফারাক তুলে এনে তারা ভেদাভেদ চাগিয়ে তুলছে। সব অংশের আদিবাসীরাই ব্রিটিশ বিরোধী সংগ্রাম করেছে, কিন্তু আর এস এস সাঁওতালদের সঙ্গে মুণ্ডাদের প্রভেদ করছে। হুল তথা সাঁওতাল বিদ্রোহের সঙ্গে উলগুলান তথা মুণ্ডা বিদ্রোহের ফারাক নিয়ে রাজনীতি করছে। এক অংশের বিরুদ্ধে আরেক অংশকে লাগানোর এই কৌশল তারা উত্তর প্রদেশে দলিত এবং ও বি সি-দের নিয়েও করেছে। এরাজ্যের আসানসোলে হিন্দিভাষীদের ও বাংলাভাষীদের মধ্যে বিরোধ বাধানো হচ্ছে। এসবের ওপর ভিত্তি করে রাজনৈতিক মেরুকরণও ঘটানো হচ্ছে। ‘এখন তৃণমূলকে হটানোর মুরোদ বামপন্থীদের নেই, অতএব বি জে পি-কে লাগবে।’ এই প্রচারের মাধ্যমে বলা হচ্ছে তৃণমূলের বিরুদ্ধে যারা লড়তে চাও মতাদর্শ ছেড়ে সবাই একজোট হয়ে যাও। এর বিপরীতে তৃণমূলই বাংলায় বি জে পি-কে ঠেকাতে পারবে এইরূপ আরেকটি মিথ্যার মোহজাল নির্মাণ করা সহজ।
এই সমস্ত ঘটনা ঘটছে এমন একটা সময়ে যখন সারা বিশ্ব ২০০৮ সালে শুরু হওয়া অর্থনৈতিক মন্দার হাত থেকে রেহাই পায়নি। দশবছর ধরে চলতে থাকা এই মন্দার সঙ্গে প্রায় নব্বই বছর আগের মহামন্দার তুলনা করা চলে যার প্রেক্ষাপটে ফ্যাসিবাদের উত্থান ঘটেছিল। এখনও মন্দার কারণে ক্রেতা নেই, শিল্পোৎপাদন প্রায় স্তব্ধ। সারা দুনিয়ায় অর্থনীতিতে বিশৃঙ্খলা, বাণিজ্যযুদ্ধ চলছে। আমেরিকায় ডোনাল্ড ট্রাম্পের মতো ব্যক্তি নির্বাচিত হয়েছেন, ইংল্যান্ড ব্রেক্সিটের পথে চলে যাচ্ছে। জি সেভেনের বৈঠকে বাজার দখলে রাখতে কর বসানো নিয়ে বিরোধ চরমে উঠেছে। ৮০বছর আগের দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালের ইতিহাসকে এই পরিস্থিতি স্মরণ করিয়ে দিচ্ছে। আমরা এখনই একথা বলতে পারি না যে আবার একটা বিশ্বযুদ্ধ শুরু হতে চলেছে। কিন্তু সাম্রাজ্যবাদী শিবিরের মধ্যে যে বোঝাপড়াটা ছিল সেটা আর আগের মতো নেই, তাতে গুরুতর ফাটল দেখা দিয়েছে।
আমাদের দেশেও নরেন্দ্র মোদীর আমলে দেশজুড়ে অর্থনৈতিক সংকট তীব্র হচ্ছে। কাজ নেই, শিল্পে, কৃষিতে সংকট চলছে, ফসলের দাম না পেয়ে কৃষকরা আত্মহত্যা করছে, রেগায় কাজ কমছে, শ্রমিকের মজুরি কমছে, কাজের কোনও নিরাপত্তা নেই। মোদী সরকার আসার আগে দেশের ১শতাংশ ধনীদের হাতে দেশের ৪৯শতাংশ সম্পদ ছিল। এখন তা ৭৩শতাংশ হয়ে গেছে। সম্পদের দ্রুত কেন্দ্রীভবন ঘটছে। নীরব মোদী, বিজয় মালিয়ারা ব্যাঙ্কের ১১হাজার কোটি টাকা নিয়ে বিদেশে পালিয়ে যাচ্ছে। অমিত শাহের ছেলের সম্পত্তি ১৬হাজার গুণ বৃদ্ধি পেয়েছে। এরাজ্যে ভাইপোর সম্পত্তিও বৃদ্ধি পেয়েছে চোখ ধাঁধিয়ে। সারদা নারদ কেলেঙ্কারি নিয়ে কেন্দ্রীয় সরকারের হেলদোল নেই। কিন্তু মানুষের দৈনন্দিন জীবন দুর্বিষহ হয়ে ওঠায় ক্ষোভ তীব্র হচ্ছে। গণবিক্ষোভের পরিস্থিতি তৈরি হচ্ছে বলেই নানা ধরনের মেরুকরণের মাধ্যমে মানুষকে ভাগ করার দরকার হয়ে পড়েছে শাসকদের। এভাবেই উগ্র দক্ষিণপন্থা সহ নানা ধরনের ফ্যাসিবাদী শক্তির উত্থান ঘটে।
মানুষের জীবনের দুর্দশা এবং তাঁদের ক্ষোভই এই সময়ের সত্য, কিন্তু সেই সত্যকে চাপা দিতে মিথ্যার প্রচার চলছে। মনোজগতের ওপরে আক্রমণের এই প্রক্রিয়ার জন্য এটাকে পোস্ট ট্রুথ বা ‘উত্তর-সত্য’ বলা হচ্ছে। মিথ্যাকে বার বার বলো, বেশি বেশি করে বলো, বড় বড় মিথ্যা বলো, তাহলে মানুষ সেটাকেই সত্য বলে বিশ্বাস করবে এবং যে বলছে সে নিজেও একসময়ে সেটাকেই সত্য বলে বিশ্বাস করা শুরু করবে। গোয়েবলসের এই তত্ত্বকেই আমাদের প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী অনুসরণ করে চলেছেন। মিথ্যার নির্মাণ করা হচ্ছে সংবাদমাধ্যমের সাহায্যে। তারা ক্রমাগত বি জে পি এবং তৃণমূলের মধ্যে লড়াইকে দেখিয়ে চলেছে, আর প্রচার করছে বামপন্থীরা মুছে গেছে। তৃণমূল এবং বি জে পি-র মধ্যে মেরুকরণের মিথ্যা নির্মাণের জন্য বাড়িতে বাড়িতে গিয়ে বামপন্থী পরিচয় দিয়ে সঙ্ঘীরাই বলছে ‘আমি আর এস এস তথা কেন্দ্রের সরকারের ঐ বি জে পি নই, আমি বামপন্থীই আছি। কিন্তু এখন বি জে পি-র পথে হেঁটে তৃণমূলকে হটাতে হবে, তারপরে আবার আমরা বামপন্থী হয়ে বি জে পি-কে হটাবো।’ বলা বাহুল্য এটা আরেকটা বৃহদাকার মিথ্যা। উলটোদিকে আরেকপক্ষ একইসময়ে বি জে পি-র হাত থেকে বাঁচানোর মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে অন্যদের তৃণমূলের পাশে জড়ো করছে। এভাবে মিথ্যায় অন্ধ করে দিয়ে উন্মত্ত দাঙ্গায় শামিল করা যায়, কিন্তু রাজনৈতিক লড়াই করা যায় না। শুধু বাহুবলে তৃণমূলকে হারানো যাবে না, বি জে পি-কেও হটানো যাবে না। তার জন্য চাই যুক্তি-মতাদর্শ, মনোবল এবং জনবল। সেগুলি বর্জন করে আমরা বামপন্থীরা কোনও মিথ্যার উন্মত্ততার স্রোতে ভেসে যেতে পারি না।
**********

কিন্তু এতকিছুর পরেও এখনও পর্যন্ত আমরা এরাজ্যের মানুষকে কেন এই সত্য বোঝাতে পারছি না? মানুষকে সঙ্গে না নিয়ে আমরা কোনও পরিবর্তনই করতে পারবো না, তাই এই প্রশ্নের উত্তর আমাদের গুরুত্ব দিয়েই ভাবতে হবে। জনগণের সঙ্গে গভীরভাবে মিশে তাঁদের হৃদয়ের অন্তঃস্থল থেকে মুক্তো তুলে আনার মতো করে তাঁদের মনের কথা তুলে আনতে হবে। এইখানেই জনগণের মধ্যে পার্টির রাজনৈতিক ও সাংগঠনিক নেতৃত্বের প্রয়োজন। পার্টির রাজনৈতিক স্লোগান যতক্ষণ না জনগণ গ্রহণ করছে ততক্ষণ পার্টি জনগণকে রাজনৈতিক নেতৃত্ব দিতে পারে না। আমরা গত চার বছর ধরে ‘তৃণমূল হটাও-বাংলা বাঁচাও, বি জে পি হটাও- দেশ বাঁচাও’ এই স্লোগান দিয়ে চলেছি। কিন্তু জনগণ তার নিজস্ব অভিজ্ঞতায় শেখে। আমরা যদি বারবার সত্য কথাটা বলে যাই তাহলে একদিন জনগণ সত্যটাই বুঝবে এবং তাঁরাই বলবেন যে বামপন্থীরাই তো বরাবর সত্যিটা বলে এসেছেন। আমরা মার্কসবাদীরা প্রকৃত সত্যের ওপরে নির্ভর করেই চলি, মার্কসের ভাষায় ‘ভ্রান্ত চেতনা’র ওপরে নির্ভর করে নয়। মার্কসবাদ সর্বশক্তিমান কারণ তা সত্য। কিন্তু মানুষ অনেক সময়েই প্রকৃত সত্যকে সাময়িকভাবে বুঝতে পারেন না। আকাশের দিকে তাকিয়ে সূর্য বড় নাকি চাঁদ বড় তা বোঝা যায় না। আপাতভাবে ছোট ছোট তারাদের দেখে বোঝাও যায় না সেগুলি গ্রহগুলির থেকে তো বটেই এমনকি সূর্যের থেকেও বহুগুণ বড়। পৃথিবী যে সূর্যের চারিদিকে ঘুরছে সেই সত্য বলার জন্য গ্যালিলিও থেকে ব্রুনো কতজনকে কত অত্যাচার সহ্য করতে হয়েছিলো তা সবাই জানি। কাজেই সত্য বলার জন্য বিশেষ জ্ঞান ও দৃষ্টি লাগে এবং সত্য বলার জন্য সংগ্রাম করতে হয়। আমাদের পার্টিকেও সত্যকে প্রতিষ্ঠার জন্য, রাজনৈতিক নেতৃত্বদানের ক্ষমতা অর্জনের জন্য মতাদর্শকে আয়ত্ত করে তার সঠিক অনুশীলন করতে হবে। শাসকের মোহজালে মানুষ আবিষ্ট হয়ে থাকলে সঠিক পথ খুঁজে পাবে না, কেবল উদভ্রান্তের মতো এদিকে ওদিকে ছুটে বেড়িয়ে হোঁচট খাবে। তাই কঠিন অগ্নিপরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য আমাদের নিজেদেরকে প্রস্তুত করতে হবে, যা যা রাজনৈতিক অস্ত্রে নিজেদের সজ্জিত করতে হয় তাই করতে হবে। পরিস্থিতি কঠিন বলে হতাশার কোনও জায়গা নেই, বরং এই কঠিন লড়াইয়ের অভিজ্ঞতা থেকেই আজকের দিনের প্রয়োজনীয় শিক্ষাকে শিখে নিতে হবে। লড়াই যদি কঠিন না হয় তাহলে সেই লড়াই করায় কৃতিত্ব কীসের!
শুধু রাজনৈতিক নেতৃত্বে হবে না, সাংগঠনিক নেতৃত্বও চাই। রাজনৈতিক ও সাংগঠনিক নেতৃত্বকে সমান তালে এগতে হবে। শুধু তত্ত্বজ্ঞানে চলবে না, তত্ত্বকে প্রয়োগ করতে হবে লড়াইয়ের ময়দানে। কার্ল মার্কস তো শুধু দুনিয়াকে ব্যাখ্যা করার কথা বলেননি, তিনি দুনিয়াকে বদলানোর কথা বলেছিলেন। তাই মানুষের আদায়যোগ্য দাবিকে তুলে ধরে লড়াই করতে হবে, রেশন কার্ড, একশো দিনের কাজের বকেয়া মজুরিসহ আদায়যোগ্য সব দাবিকে আদায় করে ছাড়তে হবে। তার জন্য পার্টির শাখাগুলিকে সক্রিয় করতে হবে। সংগ্রাম ছাড়া সংগঠন থাকে না, সংগ্রামের পথেই সংগঠনকে শক্তিশালী করতে হবে। কেন এখনও সব জায়গায় বুথ সংগ্রাম কমিটি গড়ে তুলতে পারবো না? শাখার দুর্বলতার দায় কেবল শাখায় চাপিয়ে দিলে চলবে না, শাখাকে সক্রিয় করার দায়িত্ব উপরের কমিটিকে নিতে হবে। আমাদের পুরানো নেতারা বলতেন, গোরুর গাড়ির চাকা কাদায় আটকে গেলে গোরুকে শুধু খোঁচা মারলে হয় না। গাড়ি থেকে নেমে গাড়োয়ানকে কাঁধ লাগিয়ে চাকাকে ঠেলে দিতে হয়। এই কাজ উপরের কমিটির নেতাদের করতে হবে। এরজন্যই তো আমরা সংগঠনকে পুনর্গঠিত করে এরিয়া কমিটি গঠন করেছি। কমিটিগুলিতে বয়সের গড় কমানো হয়েছে। পুনর্গঠনের কাজ অত্যন্ত দ্রুততায় করতে আমরা কিছুটা এগিয়েছি। বাকি কাজও দ্রুত করতে হবে, নষ্ট করার মতো সময় আমাদের নেই।
*********

কঠিন পরিস্থিতির উল্লেখ দিয়ে এই নিবন্ধের শুরু। শেষ হবে এই পরিস্থিতির মধ্যেই থাকা চমৎকার উপাদানগুলির দিকে দৃষ্টি আকর্ষণ করে। এমন চমৎকার বিপ্লবী পরিস্থিতি কবে সৃষ্টি হয়েছিল? চারিদিকে সম্পদের কেন্দ্রীভবন ঘটতে ঘটতে মানুষের দুর্দশা চরমে পৌঁছেছে, গণবিক্ষোভের পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং তা দমন করতে শাসকের আক্রমণ তীব্র হওয়ায় প্রতিরোধও তীব্র হচ্ছে। আমরা যদি বিপ্লবী হই তবে এই পরিস্থিতির মধ্যে সুযোগগুলিকে দেখতে পাবো না? সন্ত্রাস আক্রমণের এই কঠিন পরিস্থিতির মধ্যেও রুপালি রেখা হলো জনগণের বীরত্বপূর্ণ প্রতিরোধের ঘটনাগুলি। ঘন কালো মেঘের গর্জনের পিছনে সেই রুপালি রেখাকে অবশ্যই লক্ষ্য করতে হবে। বিগত পঞ্চায়েত নির্বাচনে রাজ্যে আটশোর বেশি এলাকায় আমাদের কমরেডরা মানুষকে সঙ্গে নিয়ে প্রতিরোধে ছিলেন, রক্ত ঝরেছে, আমাদের অন্তত দশজন কমরেডের প্রাণ গিয়েছে তবু কেউ লড়াইয়ের ময়দান ছেড়ে যাননি। গত সাত বছরে এমনটা এই প্রথম। শহীদের তালিকায় চোখ রাখলেই দেখা যাবে গরিব আদিবাসী, তফসিলি জাতির মানুষ এবং সংখ্যালঘুদের নামই বেশি। গরিব বলেই এই মানুষজন লড়াইয়ের সামনের সারিতে রয়েছেন। মিথ্যার নির্মাণ সত্ত্বেও মিথ্যার মোহজাল ভেঙে মানুষের প্রতিরোধের ঘটনা ঘটছে। লড়াইয়ের ময়দানে থাকা এই মানুষদের আমাদের পার্টিতে নিয়ে আসতে হবে। আর যারা পার্টিতে থেকেও লড়াইয়ের ময়দানে নেই, তাঁরা পার্টিতে কেন আছেন সেই প্রশ্ন করতে হবে। আমরা কমিউনিস্টরাই নিজেদের বুকচিরে আত্মপর্যালোচনা করে এগতে পারি। জটিল পরিস্থিতির মধ্যে সম্ভাবনাময় নতুন দিগন্তের সন্ধানে রাজনৈতিক পরিবর্তন ঘটানোর জন্য মতাদর্শ, রাজনীতি, সংগ্রাম ও সংগঠন এই চার অস্ত্রে নিজেদের সাজিয়ে নিয়ে প্রস্তুত হতে হবে। হতাশার কোনও জায়গা নেই কমিউনিস্টদের কাছে। আক্রমণ বহুমুখী, তাই গণপ্রতিরোধই একমাত্র বিকল্প।
***********
গণশক্তি, ১লা জুলাই, ২০১৮